ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কমিটির শূন্য পদে নেতাদের অন্তর্ভুক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দলটির এক পক্ষ আরেক পক্ষের ঘরবাড়িতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে টাউন হল মাঠে মেয়র পক্ষের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে এ অভিযোগ করেন। সমাবেশে বক্তারা হামলার ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের এক নেতার পরিবারকে উদ্দেশ করে বলেন, ওই পরিবার ও তাঁদের স্বজনেরা জেলা আওয়ামী লীগকে কুক্ষিগত করে রেখেছেন। বর্ধিত সভাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে তাঁরা মেয়র পক্ষের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা চালাচ্ছেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ১৩টি শূন্যপদ পূরণ করা হয়। ওই দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার একটি পদে মেয়র ইকরামুল হককে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। কিন্তু দলের একাধিক জ্যেষ্ঠ নেতার সমর্থন না থাকায় মেয়রকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ নিয়ে ওই দিন রাতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ জন্য উভয়পক্ষ পরস্পরকে দায়ী করে।