মেয়র পদপ্রার্থীর প্রচারণায় বাধা ও হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর প্রচারকাজে বাধা ও পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে চকরিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলা বিএনপির নেতারা।
লিখিত বক্তব্যে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেন, গত শনিবার রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজেম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান ও কাউন্সিলর প্রার্থী মো. সেলিম উদ্দিনের বাড়িতে হানা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতা আবদুর রহমানের বাড়ির দরজা ভেঙে ফেলা হয়। নির্বাচন থেকে দূরে রাখতে নেতাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মিজানুর রহমান চৌধুরী বলেন, গতকাল রোববার সকালে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে লাঞ্ছনার শিকার হন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম হায়দারের স্ত্রী রিফাত সাবরিনা। এ জন্য তিনি আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের দায়ী করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী নুরুল ইসলাম হায়দার, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল হাসেম, বিএনপি নেতা নুরুল আবছার প্রমুখ।
বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম হায়দার বলেন, ‘আমরা আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকারি দলের প্রার্থী প্রতিনিয়ত নির্বাচন আচরণবিধি ভঙ্গ করছেন। রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।’
তবে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী পাগলের প্রলাপ বকছেন। ষড়যন্ত্র না করে ভোটের মাঠে লড়তে বিএনপি প্রার্থীর প্রতি আহ্বান জানাই।’
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, ‘পুলিশ ওয়ারেন্ট তামিল করতে গেছে। সেটি বিএনপির নেতা-কর্মীর বাড়ি হোক, আর অন্য কারও বাড়ি হোক, পুলিশ অভিযান চালাবেই। যতই অভিযোগ করুক, সন্ত্রাসী-নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’