মেয়র সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীর কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মেয়রকে বহনকারী মোটরসাইকেলের বহর উপজেলা পরিষদ চত্বরে ঢুকতে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি ফাঁকা গুলিবর্ষণ, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ ছাড়া পুলিশের কয়েকজন সদস্য পৌর মেয়র শাহনেওয়াজকেও মারধর করেন। এ সময় সংঘর্ষে পাঁচ পুলিশ এবং মেয়রের পাঁচ সমর্থক আহত হন।
এদিকে পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে মেয়র শাহনেওয়াজ, তাঁর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শাহ, পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মোল্লা, পৌর যুবলীগের সভাপতি তাহের সোনার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সরকারসহ ৬৭ জন এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান এ মামলা করেন। এ ঘটনায় মনিরুল ইসলাম (২৮) ও আমিনুল ইসলাম (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভার দিন ধার্য ছিল। সেখানে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। যেহেতু সাংসদের সঙ্গে মেয়র শাহনেওয়াজের দ্বন্দ্ব চলছে, তাই বিশৃঙ্খলার আশঙ্কায় উপজেলা পরিষদের ফটক ও উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। কিন্তু মেয়র শাহনেওয়াজ ৫০-৬০টি মোটরসাইকেলে তাঁর সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অনুপ্রবেশের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে মেয়রের সমর্থকেরা পুলিশের ওপর আক্রমণ করেন। এতে এসআই সাইদুজ্জামান (৩১), এসআই তারেকুর রহমান (৩০), এএসআই জাহাঙ্গীর আলম (৩৬), এএসআই আশিকুর রহমান (২৭) ও কনস্টেবল আব্দুল বাতেন (৩২) আহত হন।
তবে মেয়র শাহনেওয়াজ বলেন, ‘সাংসদ কুদ্দুসের সঙ্গে আমার রাজনৈতিক মতভেদ রয়েছে। তাই সাংসদ কুদ্দুস আট মাস ধরে মাসিক সমন্বয় সভায় থাকেন না। বৃহস্পতিবারের মাসিক সমন্বয় সভায় যাওয়ার সময় আমার কর্মী-সমর্থকেরা ১০-১২টি মোটরসাইকেল নিয়ে আমার সঙ্গে আসতে থাকেন। কিন্তু পুলিশ আমাদের পরিষদের ফটকেই বাধা দেয়। একপর্যায়ে পুলিশের কয়েকজন সদস্য আমাকে এলোপাতাড়ি কিল–ঘুষিসহ বন্দুকের বাঁট দিয়ে পেটান। আমার কর্মী-সমর্থকেরা এর প্রতিবাদ জানালে পুলিশ তাঁদের ওপর গুলি-রাবার বুলেট ছোড়ে এবং লাঠিপেটা করে। এতে বুলেটবিদ্ধ হয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন পৌর যুবলীগের সভাপতি তাহের, যুবলীগের নেতা তারেক মোল্লা (২৫), জীবন মোল্লা (২৬), শুভ (২২) ও শাওন মোল্লা (২৪)। ওসি দিলীপ সাংসদ কুদ্দুসের প্ররোচনায় আমার সমর্থক নেতা-কর্মীদের হয়রানি করছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আমার প্রায় ৩০০ কর্মী-সমর্থককে জড়িয়ে মামলা করে পুলিশ।’
ওসি দিলীপ বলেন, পরিস্থিতি সামাল দিতে গিয়ে মেয়র (শাহনেওয়াজ আলী) হয়তো পুলিশের মারধরের শিকার হতে পারেন, এটা অনাকাঙ্ক্ষিত। তবে কোনো পক্ষপাতমূলক আচরণ করছেন না তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন বলেন, সমন্বয় সভায় কেবল মনোনীত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। কিন্তু মেয়র রাজনৈতিক অপচর্চা করতে মোটরসাইকেলের বহরসহ উপজেলা চত্বরে ঢোকার চেষ্টা করেছেন। এটা আইনসিদ্ধ নয়। তবে পুলিশের মারধর থেকে মেয়রকে রক্ষায় তিনি ও সহকারী কমিশনার (ভূমি) সচেষ্ট ছিলেন। সাংসদ ও মেয়রের দ্বন্দ্বে উপজেলার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সমস্যাটি দ্রুত সমাধান হওয়া দরকার।
স্থানীয় সাংসদ কুদ্দুস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দলের কিছু নেতা আমাকে ভুল বুঝছেন। মেয়র শাহনেওয়াজও দলের একটি অংশ। কারণ, তিনি দলের সাধারণ সম্পাদক।’ এ ছাড়া সাংসদ কুদ্দুস তাঁর বিরুদ্ধে আনা মেয়র শাহনেওয়াজের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।