
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় পৌর মেয়র হালিমুল হককে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, গতকাল রাত ১০টার দিকে রাজধানীর শ্যামলীর একটি সড়ক থেকে হালিমুলকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
এদিকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। পৌর মেয়র হালিমুলকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম গতকাল রাতে জানান, বিকেলে পৌর মেয়র হালিমুলের বাসা থেকে তাঁর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।
সকালে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ হাসিবুর রহমান সাংবাদিকদের বলেন, সভায় উপজেলা কমিটির সদস্যপদ থেকে পৌর মেয়র হালিমুল ও তাঁর সহযোগী কে এম নাসির উদ্দীনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এখন তাঁকে বহিষ্কারের সুপারিশ করে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হবে।
গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় পৌর মেয়রকে গ্রেপ্তার এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে গতকাল দুপুরে স্থানীয় সাংবাদিকেরা মানববন্ধন ও সমাবেশ করেন। এতে বক্তব্য দেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ড, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান প্রমুখ। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনও পৃথকভাবে একই কর্মসূচি পালন করেছে।
এসব কর্মসূচিতে বক্তারা প্রশ্ন তোলেন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানাজার আগের বক্তৃতায় বলেছেন, মেয়র তাঁর কথা অমান্য করে গুলি ছুড়েছেন। তাঁর ছোড়া গুলিতেই সাংবাদিক হাকিম নিহত হয়েছেন। তাহলে গুলি করা হলেও তাঁকে তাৎক্ষণিক কেন গ্রেপ্তার করা হলো না? পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে পৌর মেয়র পালিয়ে গেলেন?
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ বলেন, হালিমুলের অস্ত্রের লাইসেন্স ও গুলির বিষয়গুলোয় তদন্ত চলছে। মেয়রের বাড়ি থেকে ৪৩টি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের সময় পৌর মেয়র কীভাবে গুলি ছুড়েছেন, তাও তদন্ত করা হচ্ছে।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। পরদিন শুক্রবার ঢাকায় আনার পথে তিনি মারা যান।
হাকিমের মৃত্যুর পর শাহজাদপুর থানায় শুক্রবার তাঁর স্ত্রী নূরননাহার মামলা করেন।
শাহজাদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক হাসিবুল হক গতকাল দুপুরে সাংবাদিক হাকিম হত্যা মামলার পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র দেব বলেন, গ্রেপ্তার আসামিরা হলেন কে এম নাসিরুদ্দিন, আলমগীর হোসেন, আরশাদ আলী, নাজমুল হক ও জহির উদ্দিন শেখকে গতকাল দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শনিবার মামলার অপর আসামি মেয়র হালিমুলের ছোট ভাই হাসিবুল হক ও হাবিবুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হাকিমের স্ত্রীকে চাকরির আশ্বাস
সাংবাদিক হাকিমের স্বজনদের সমবেদনা জানাতে শনিবার রাতে উপজেলার মাদলা গ্রামে তাঁর বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি হাকিমের স্ত্রীর হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। সেই সঙ্গে এসেনশিয়াল ড্রাগ ওষুধ কোম্পানিতে তাঁকে চাকরি দেওয়ার আশ্বাস দেন।