মেয়রকে পরীক্ষাকেন্দ্র ছাড়তে বলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল সোমবার এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে বের করে দেওয়ার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন দলের কর্মী-সমর্থকেরা। পরে ইউএনও র্যাবের প্রহরায় কোটালীপাড়া থেকে গোপালগঞ্জে চলে যান।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, কোটালীপাড়া পৌরসভার মেয়র অহেদুল ইসলাম হাজরার ছেলে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। সোমবার পরীক্ষা শুরু হওয়ার আগে সকাল সাড়ে নয়টা থেকে ওই কেন্দ্রে পৌর মেয়র অহেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরসহ কয়েকজন নেতা অবস্থান করছিলেন। প্রশ্নপত্র বিতরণ করার পর সকাল সোয়া ১০টার দিকে ইউএনও জিলাল হোসেন মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে তাঁদের লোকজন নিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর তাঁরা বেরিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে ইউএনও কার্যালয়ের এক কর্মচারী বলেন, ওই ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা ইউএনওর অপসারণের দাবিতে উপজেলা কমপ্লেক্স এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। দুপুর ১২টার দিকে তাঁরা ইউএনওর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ওই সময় ইউএনও কার্যালয়ে ছিলেন না। এ খবর পেয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বেলা একটার দিকে কোটালীপাড়া যান। তিনি যাওয়ার পর বেলা দুইটার দিকে ইউএনও কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। তবে এর আগেই ইউএনও র্যাবের প্রহরায় কোটালীপাড়া ত্যাগ করে গোপালগঞ্জে চলে যান।
ইউএনও জিলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই কেন্দ্রে মেয়রের ছেলে পরীক্ষা দিচ্ছে। মেয়র পরীক্ষার সময় ছেলের কক্ষে যেতে বায়না ধরেন। সংগত কারণেই আমি সে প্রস্তাব নাকচ করে দিই এবং তাঁদের পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে যেতে বলি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁদের সমর্থকেরা আমার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে আমি জেলা পরিষদের ডাকবাংলো মহুয়া থেকে র্যাব প্রহরায় গোপালগঞ্জ শহরে চলে আসি।’
তবে পৌর মেয়র অহেদুল ইসলাম হাজরা প্রথম আলোকে বলেন, ‘ইউএনওর সাথে একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। তবে তা মীমাংসা হয়ে গেছে।’ মেয়র দাবি করেন, তাঁর সমর্থকেরা ইউএনওর কার্যালয়ে তালা দেননি বা তাঁর অপসারণ দাবি করেননি। ‘পুলিশের বাড়াবাড়ির’ প্রতিবাদ করেছিল মাত্র।
র্যাব-৮ গোপালগঞ্জের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মারুফ হোসেন বলেন, ‘কোটালীপাড়ার ইউএনও নিজের গাড়িতেই গোপালগঞ্জ গিয়েছেন। তবে আমরা তাঁর নিরাপত্তা দিয়েছি।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, বেলা দুইটার দিকে ইউএনও কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য বৈঠক চলছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমস্যাগুলো এখনো আমরা সমাধান করতে পারিনি। তা না করে আমার পক্ষে কথা বলা সম্ভব নয়।’