মেয়রদের বিশেষ মর্যাদা নিয়ে বৈষম্য
দেশের ১১টি সিটি করপোরেশনের মধ্যে সরকার এখন পর্যন্ত ৪টির মেয়রদের বিশেষ মর্যাদা দিয়েছে। চট্টগ্রামসহ সাত সিটির মেয়রদের কোনো ধরনের মর্যাদা দেওয়া হয়নি। মর্যাদা থেকে বঞ্চিত অন্য ছয়জন বিএনপির।
সরকার সম্প্রতি ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকনকে পূর্ণ মন্ত্রী, রংপুরের মেয়র শরফুদ্দিন আহমেদকে প্রতিমন্ত্রী এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর মর্যাদা দিয়েছে। নারায়ণগঞ্জ ও রংপুরের মেয়রদের ভিন্ন মর্যাদা দেওয়া এবং চট্টগ্রামের মেয়র আওয়ামী লীগের হলেও তাঁকে মর্যাদা না দেওয়ার বিষয়টি বিভিন্ন মহলে বেশ আলোচিত হচ্ছে। সরকারের এ ধরনের উদ্যোগ বৈষম্য সৃষ্টি করেছে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা।
ঢাকার দুই মেয়র আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবং নারায়ণগঞ্জ ও রংপুরের মেয়র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুরের মেয়র বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। অবশ্য এই পাঁচজনের কেউ এখন মেয়রের আসনে নেই। মামলার কারণে সবাই বরখাস্ত। কিন্তু চট্টগ্রামের মেয়র কেন মর্যাদা পেলেন না, তা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারি কর্মবিভাজন (রুলস অব বিজনেস) অনুযায়ী এ ধরনের মর্যাদা দেওয়ার অধিকার ও ক্ষমতা প্রধানমন্ত্রীর। আর মেয়রদের যে মর্যাদা দেওয়া হয়েছে বা ভবিষ্যতে দেওয়া হতে পারে, তা মেয়রের পদ বা আসনকে দেওয়া হয় না। দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিকে। তাই ব্যক্তিটি কেমন, সেটি একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়।
এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, মেয়রদের মর্যাদা দেওয়ার বিষয়ে সরকারের স্থায়ী কোনো নীতিমালা নেই। তবে যখন দেওয়া হয়, তখন কিছু নীতির ভিত্তিতে দেওয়া হয়। এবার যে নীতি অনুসরণ করা হয়েছে, তা হচ্ছে ঢাকার দুই মেয়র পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাবেন। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর মেয়রদের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। এর বাইরে যে সিটি করপোরেশনগুলো রয়েছে, সেখানকার মেয়ররা উপমন্ত্রীর মর্যাদা পাবেন। এ জন্যই রংপুর ও নারায়ণগঞ্জের মেয়র দুই রকম মর্যাদা পেয়েছেন।
তাহলে চট্টগ্রামের মেয়রকে কেন বিশেষ মর্যাদা দেওয়া হয়নি, সে বিষয়ে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। মর্যাদাবঞ্চিত বিএনপির
ছয় মেয়রের বিষয়ে তিনি বলেন, সরকার মেয়রদের মর্যাদা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই তাঁরা নানা রকম মামলায় জড়িয়ে বরখাস্ত হয়েছেন। ফলে তাঁদের মর্যাদা দেওয়ার প্রশ্ন ওঠেনি।
তবে সরকারি দল আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন সম্পর্কে দলের কোনো কোনো পর্যায়ে বিরূপ মনোভাব রয়েছে। তাই ব্যক্তি হিসেবে তিনি হয়তো এখনো ওই মর্যাদা পাওয়ার জন্য বিবেচিত হননি। তবে এর অর্থ এই নয় যে, ভবিষ্যতে তিনি কখনো বিবেচিত হবেন না।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘বিশেষ মর্যাদা পাওয়া না-পাওয়ার বিষয়টি আমাকে পীড়া দেয় না। এটা নিয়ে আমি চিন্তিতও নই। চট্টগ্রাম নগরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করেছেন। আমি মনে করি, এটা অনেক বড় সম্মান। তা ছাড়া বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়। তিনি যা ভালো মনে করবেন, তা-ই করবেন।’
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মনে করেন, মেয়রদের কাজ হচ্ছে নিজ নিজ সিটি করপোরেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা। এ জন্য নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়রদের যে ক্ষমতা ও মর্যাদা, সেটাই যথেষ্ট। তাঁকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হলো কি না, তাতে নগরবাসীর কিছু আসে-যায় না।
তোফায়েল আহমেদ বলেন, দ্বিতীয় কথা হলো মর্যাদা দেওয়া হচ্ছে প্রধানত রাজনৈতিক বিবেচনায়। এটা একধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। ফলে বঞ্চনার ঘটনাও ঘটছে। তা ছাড়া এ ধরনের মর্যাদা দেওয়ায় মেয়রদের মধ্যে রাষ্ট্রাচারে (প্রটোকল) বৈষম্যসহ অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রটোকলের কারণে মেয়রদের কাছে সাধারণ মানুষের অভিগম্যতা কমে যাবে। এগুলো প্রতিষ্ঠানের জন্য শুভ নয়।
স্থানীয় সরকার বিষয়ের এই গবেষক বলেন, মেয়রদের মর্যাদা দেওয়া হলে কাউন্সিলরদের অবস্থান কোথায়, তাঁদের মর্যাদা কী, সে প্রশ্নও দেখা দেয়। তা ছাড়া কোন নীতিমালার ভিত্তিতে এই মর্যাদা দেওয়া হচ্ছে, সরকারকে তা সুনির্দিষ্ট করতে হবে।