মেয়রসহ বিএনপির ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গত রোববার বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। মামলায় সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানসহ দল ও এর অঙ্গসংগঠনের চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এদিকে সংঘর্ষকালে আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয় রোববার রাতে করা ওই মামলায়। এঁরা হলেন ছাত্রদলের কর্মী সোহেল রানা, আবু সালেহ, আজিজুল ইসলাম, নান্টু ও আনোয়ার হোসেন।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন দুপুরে শহরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলার সময় মিছিলে বাধা দেয় পুলিশ। পরে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হওয়াসহ আহত হয়েছিলেন বিএনপির ৪৫ জন নেতা-কর্মী। আহত হন পুলিশের ১৭ জন সদস্যও।
মামলার আসামিদের মধ্যে সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান ছাড়াও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, উপদেষ্টা শহীদুজ্জামান, সহসভাপতি আহম্মদ আলী রুশদি, সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপির নেতা হাসান আজমল ভূঁইয়া, শিরিন চাকলাদার, তানভীর আহম্মেদ, খাইরুল আলম, ফয়সাল সরকার, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, সদর থানা যুবদলের আহ্বায়ক বশির আহম্মেদ প্রমুখ রয়েছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া, বেআইনিভাবে সমবেত হয়ে হাঙ্গামা সৃষ্টি ও পুলিশকে মারধর করার অভিযোগে মামলাটি করা হয়েছে।