মেয়রের ছেলে ভাই ভাতিজাসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে আব্দু শুক্কুর নিহত হওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে। নিহত শুক্কুরের বাবা আবুল কাসেম বাদী হয়ে আওয়ামী লীগের নির্বাচিত মেয়র মকছুদ মিয়ার ছেলে, ভাই, ভাতিজাসহ ৪১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
পুলিশের ভাষ্যমতে, গত রোববার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে ঘোনাপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মকছুদ মিয়া ও বিদ্রোহী প্রার্থী সরওয়ার আজমের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন সমর্থক আহত হন। সংঘর্ষে আহত আব্দু শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, নির্বাচনী সহিংসতায় আব্দু শুক্কুর নিহতের ঘটনার পাঁচ দিন পর ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।