নরসিংদীর মাধবদীতে বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র মো. ইলিয়াছের বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর ছয়টার দিকে এই ককটেল বিস্ফোরণে প্রিতম নামের এক শিশু আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাড়ে চার বছরের প্রিতম পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী রাজেসের ছেলে। ভোরে পৌরসভার পরিচ্ছন্নতা–কর্মীরা মেয়রের বাড়ির আশপাশের এলাকা পরিষ্কার করছিলেন। এ সময় প্রিতম তাঁদের কাছে ছিল। হঠাৎ কে বা কারা মেয়রের বাড়ির নিরাপত্তাবেষ্টনীর ভেতরে ককটেল ছুড়ে মারে। ককটেলটির বিস্ফোরণে প্রিতম আহত হয়। তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পৌর মেয়র ইলিয়াছ বলেন, ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে দিনভর ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের কেন্দ্র দখল ও হামলার কারণে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে। এরপর থেকে একটি মহল পৌর এলাকাকে অশান্ত করতে চাইছে। তারাই এই হামলা চালিয়ে থাকতে পারে।
সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।