ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মাঈন উদ্দিনের বিরুদ্ধে পৌরসভার প্রায় ১৩ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ১০ জন কাউন্সিলর। গত বৃহস্পতিবার তাঁরা জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অবশ্য মেয়র এসব অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগকারীরা হলেন, প্যানেল মেয়র কবির হোসেন, কাউন্সিলর দেলোয়ার হোসেন, রমজান আলী, দ্বীন ইসলাম, যদুনাথ ঋষি, জাহাঙ্গীর আলম, রশিদা বেগম, আবু ছায়েদ, রেহেনা খাতুন ও আবু হানিফ।
কবির হোসেন বলেন, পৌরসভার আইনকানুনের কোনো ধরনের তোয়াক্কা না করে মেয়র ক্ষমতার অপব্যবহার করছেন। কাউন্সিলরের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা না করে মেয়র একাই সব কাজ করেন।
মাঈন উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ এসব করছে। তদন্তক্রমে এসব অভিযোগ প্রমাণিত হলে আমি মাথা পেতে শাস্তি নেব।’
পৌর তহবিল শূন্য প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন করলে তহবিল তো শূন্য হবেই।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সত্যতা পেলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।