বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়রের বিরুদ্ধে পৌরসভার তহবিল লোপাট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ করেছেন পৌরসভার কয়েকজন কাউন্সিলর। এ বিষয়ে তাঁরা সরকারের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ ও গত রোববার সংবাদ সম্মেলন করেন।
পৌর মেয়রের বিরুদ্ধে আনা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনারের নির্দেশে গত সোমবার বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম সরেজমিনে তদন্ত শুরু করেছেন।
সংবাদ সম্মেলন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে একাধিক কাউন্সিলর বলেন, নন্দীগ্রাম পৌরসভার রোডরোলার, গার্বেজ ট্রাকের জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণ বাবদ গত চার বছরে বিপুল অঙ্কের টাকা ব্যয় দেখানো হয়েছে। অথচ সেখান থেকে প্রাপ্ত অর্থের এক টাকাও পৌরসভার তহবিলে জমা করা হয়নি। পৌরসভার মেয়র ও নন্দীগ্রাম শহর বিএনপির সহসভাপতি সুশান্ত কুমার সেগুলো আত্মসাৎ করেন।
নন্দীগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পৌর বিধিমালা অনুযায়ী দরিদ্র তহবিলে একই অর্থবছরে তিন লাখ টাকার বেশি ব্যয় করার নিয়ম নেই। কিন্তু মেয়র তহবিল থেকে ২৫ লাখ টাকা ব্যয় দেখিয়েছেন। পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য দরপত্রের মাধ্যমে টিউবওয়েল সরবরাহ নিয়ে তা গুদাম থেকে বিতরণের কথা থাকলেও মেয়র ভুয়া মাস্টাররোলের মাধ্যমে তা বিতরণ দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। বিদ্যুতায়নের নামে প্রায় পৌনে এক কোটি টাকা আত্মসাৎ করেছেন মেয়র।
এ ছাড়া ইট বিছানো সড়ককে কাঁচা সড়ক দেখিয়ে পুরোনো ইট আত্মসাৎ, ১৩ লাখ টাকার দরপত্র দাখিল করে ঠিকাদারকে ১৯ লাখ টাকার বিল প্রদানসহ বিভিন্ন খাত থেকে অন্তত দুই কোটি টাকা তিনি আত্মসাৎ করেন বলে অভিযোগে বলা হয়।
সেই সঙ্গে বলা হয়, নন্দীগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা থেকে শুরু করে সার্বিক উন্নয়ন ব্যয়ের ব্যবস্থা হয় পৌরসভার ওমরপুরহাটের ইজারা থেকে। গত চার বছর ধরে তিনি হাটটি কম মূল্যে তাঁর ছোট ভাই স্বপন কুমারসহ আত্মীয়স্বজনের নামে ইজারা নিচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে পৌরসভার মেয়র সুশান্ত কুমার বলেন, মন্ত্রণালয় ও সংবাদ সম্মেলনে তাঁরা যেসব অভিযোগ করেছেন, তা সবই মনগড়া ও ভিত্তিহীন। নিয়মের বাইরে পৌর তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করা হয়নি এবং যা কিছু করা হয়েছে, তা পৌর পরিষদের সিদ্ধান্তেই করা হয়েছে।
তবে পৌরসভার ট্রাক ও রোডরোলার খাত থেকে আদায়ের তহবিল শূন্য থাকার সত্যতা স্বীকার করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, রোডরোলার ও ট্রাক ভাড়া দেওয়া হয়েছিল কয়েকটি উন্নয়ন প্রকল্পে। এসব প্রকল্পের বিল এখনো ঠিকাদারকে দেওয়া হয়নি। বিল দেওয়ার সময় ভাড়ার টাকা কেটে নেওয়া হবে।