নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আবদুল বারেকের বিরুদ্ধে সরকারি ১৭ শতাংশ জমি ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মেয়রকে উপজেলা ভূমি কার্যালয় থেকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম পৌর এলাকার মৌখাড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৫৮ নম্বর দাগের ১৭ শতক জমি পৌর ভূমি কার্যালয় নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য একটি প্রস্তাবও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু ৩ সেপ্টেম্বর থেকে বড়াইগ্রাম পৌরসভার মেয়র ওই জমিতে মাটি ভরাট শুরু করেন। ইতিমধ্যে মাটি ভরাটের প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। খবর পেয়ে ৮ সেপ্টেম্বর দুপুরে বড়াইগ্রাম পৌর ভূমি কার্যালয়ের তহসিলদার আবদুল লতিফ ঘটনাস্থলে গিয়ে জমি দখলের সত্যতা পান। তিনি তাৎক্ষণিক মৌখিকভাবে ভরাট বন্ধের জন্য মেয়র আবদুল বারেককে অনুরোধ করেন। একই সঙ্গে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানুকে অবহিত করেন। ওই দিনই সহকারী কমিশনার মেয়রকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করেন। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে মাটি ভরাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সরকারি সম্পত্তি জবরদখল করার জন্য কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
জমিটির পাশের এক বাসিন্দা রফিকুল ইসলাম। হঠাৎ মেয়রের নির্দেশে সেখানে মাটি ভরাট শুরু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
মেয়র আবদুল বারেক দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে নয়, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য ওই জমিটি ভরাট করাচ্ছিলাম। তবে সরকারি কাজের জন্য ব্যক্তিগত টাকায় কেন ভরাট করাচ্ছেন, এমন প্রশ্নের তিনি কোনো উত্তর দিতে পারেননি।
আর সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানু বলেন, বড়াইগ্রামের কুমরুল মৌজায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য জমির প্রস্তাব এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর ভরাট করা জমিটিতে বড়াইগ্রাম পৌর ভূমি কার্যালয় নির্মাণের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, সরকারি সম্পত্তি দখল করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে ৮ সেপ্টেম্বরই মেয়র আবদুল বারেকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে মাটি ভরাট বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। এরপর মাটি ভরাট বন্ধ রাখা হয়।