
জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার অর্থায়নে চট্টগ্রাম নগরের অবকাঠামোগত উন্নয়নে ২০১৫ সালের অক্টোবর-নভেম্বরে ১৬টি প্রকল্পের কাজ শুরু হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন, নতুন সেতু এবং খালের পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণ। সদ্য বিদায়ী বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একটি প্রকল্পের নির্মাণকাজও এখনো পুরোপুরি শেষ হয়নি। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘সিটি গভর্নেন্স প্রজেক্ট’-এর আওতায় পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে ব্যয় হচ্ছে প্রায় ১৫৯ কোটি টাকা। কাজের গতি মন্থর হওয়ায় গত বছরের অক্টোবর মাসে অধিদপ্তর থেকে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়। এতে দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঠিক সময়ে প্রকল্প এলাকা বুঝিয়ে দিতে না পারা, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও ঘূর্ণিঝড় রোয়ানুর তাণ্ডবের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি বলে জানায় সিটি করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এখন এসব প্রকল্পের মেয়াদ চলতি বছরের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রকল্পের কাজের গতি মন্থর হওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, বিমানবন্দর সড়কে তিনটি খালের ওপর পুরোনো সেতু অপসারণ করে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। কিন্তু অপসারণের আগে যাতায়াতের জন্য বিকল্প সড়কের ব্যবস্থা করতে হয়েছে। এতে সময় লেগেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আরেকটু আন্তরিক হলে কাজের অগ্রগতি আরও ভালো হতো।
সিটি করপোরেশন সূত্র জানায়, নির্ধারিত সময়ে ৫০ শতাংশের বেশি কাজ হয়েছে মাত্র সাতটি প্রকল্পের। এগুলো হচ্ছে জাকির হোসেন সড়কের লর্ডস ইন থেকে খুলশী থানা পর্যন্ত এবং খুলশী থানা থেকে এ কে খান রেলক্রসিং পর্যন্ত সড়কের কার্পেটিং ও উন্নয়ন প্রকল্প, সিমেন্ট ক্রসিং থেকে কাঠগড় হয়ে বিমানবন্দরের প্রবেশমুখ পর্যন্ত সড়কের কার্পেটিংসহ উন্নয়ন প্রকল্প এবং মেরিনার্স সড়কে চারটি সেতু নির্মাণ প্রকল্প।
এ ছাড়া বিমানবন্দর সড়কের সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত অংশের উন্নয়ন, ফিরিঙ্গীবাজার থেকে চাক্তাই সেতু হয়ে শাহ আমানত সেতু পর্যন্ত মেরিনার্স সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ, বিমানবন্দর সড়কে তিনটি সেতু নির্মাণ, মহেশখালের দুপাশে প্রতিরোধ দেয়াল নির্মাণের তিনটি প্রকল্প এবং বাকলিয়ার ডাইভারশন খালের পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণকাজের অগ্রগতি ৫০ শতাংশেরও কম। এর মধ্যে বিমানবন্দর সড়কে নির্মাণাধীন তিনটি সেতুর কাজের অগ্রগতি ২০ শতাংশেরও কম।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর সড়কে তিনটি খালের ওপর থেকে পুরোনো সেতু অপসারণের কাজ চলছে। সেখানে সেতুর ভাঙা অংশের উপকরণগুলো পাশে স্তূপ করে রাখা হয়েছে। সড়কের রুবি সিমেন্ট এলাকায় খালের ওপর থেকে সেতু অপসারণে কাজ করছিলেন চার শ্রমিক। তাঁদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ কনস্ট্রাকশনের কর্মকর্তা কামরান উদ্দিন বলেন, নতুন সেতুর কাজ শেষ করতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে।
নগরের গুপ্ত খাল ও ১৫ নম্বর খালের ওপর সেতু নির্মাণের কাজ পেয়েছে মেসার্স এস অনন্ত বিকাশ ত্রিপুরা নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর প্রকৌশলী পরেশ কর্মকার প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন সাইট (প্রকল্প এলাকা) বুঝিয়ে দিতে দেরি করেছে। পুরোনো সেতুগুলোর অপসারণেও অনেক সময় লেগে যাচ্ছে। তাই কাজের অগ্রগতি কম।
বিমানবন্দর সড়কের টেম্পোর চালকের সহকারী সাখাওয়াত হোসেন ও ১৫ নম্বর ঘাট এলাকার ব্যবসায়ী আবদুল করিম বলেন, এ সড়কের তিনটি অংশে পুরোনো সেতু ভেঙে ফেলা হয়েছে। কিন্তু নতুন সেতু নির্মাণের কাজ চলছে ঢিমেতালে। এতে বিমানবন্দর সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগের শেষ নেই।
এদিকে নগরের সিমেন্ট ক্রসিং থেকে স্টিল মিল পর্যন্ত সড়কের এক পাশে প্রায় আধা কিলোমিটার এলাকায় পিচের অস্তিত্ব নেই। অন্য পাশের সংস্কার শেষ হয়েছে। যে অংশে সংস্কার হয়নি সেখানে ধুলাবালু উড়ছে। ব্যস্ততম এ সড়কের সংস্কারহীন অংশে গাড়ি চলছে থেমে থেমে। ছয় মাস ধরে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানায় স্থানীয় বাসিন্দা ও নিয়মিত চলাচল করা যাত্রীরা।
সিমেন্ট ক্রসিং এলাকার মোটর পার্টস ব্যবসায়ী আবু তাহের ও দেলোয়ার হোসেন বলেন, গত জুন থেকে সড়কটি ভাঙা পড়ে আছে। সংস্কারের কোনো উদ্যোগ নেই। সড়কের ধুলাবালুর যন্ত্রণায় দোকানে বসা যায় না।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ মুরাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিমানবন্দর সড়কের সিমেন্ট ক্রসিং থেকে সল্টগোলা রেলক্রসিং পর্যন্ত অংশের উন্নয়নকাজ চলছে। এ অংশের কাজ শেষ হলেই সিমেন্ট ক্রসিং থেকে স্টিল মিল পর্যন্ত অংশের পিচের কাজ শুরু করা হবে।
১৬ প্রকল্পের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাধায়ক প্রকৌশলী ও ‘সিটি গভর্নেন্স প্রজেক্ট’ প্রকল্পের পরিচালক মো. শাহজাহান মোল্লা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেশ কিছু কারণে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করা যায়নি। তবে এখন সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। প্রকল্পের মেয়াদও আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে কাজ শেষ করা যাবে।