মেয়াদহীন রসমালাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানের পচা ও বাসি মিষ্টি নালায় ফেলে দেন l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানের পচা ও বাসি মিষ্টি নালায় ফেলে দেন l ছবি: প্রথম আলো

কারখানার পরিবেশ স্যাঁতসেঁতে, নোংরা। গামলায় ফেলে রাখা অনেক দিনের পুরোনো মিষ্টির রস, সেখানে ভেসে বেড়াচ্ছে কিছু মৃত পোকামাকড়। বিক্রির জন্য রাখা রসমালাইয়েরও মেয়াদ নেই।
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার লালচাঁদ রোডের মিষ্টি মুখ কারখানায় গিয়ে গতকাল মঙ্গলবার এমন চিত্র পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দোকানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। কিছুদিন ধরে তিনি নগরের বিভিন্ন এলাকায় মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মিষ্টি মুখের কারখানায় গিয়ে পরিবেশ নোংরা ও দুর্গন্ধময় পাওয়া গেছে। সেখানে অনেক দিনের পুরোনো তিন মণ মিষ্টির রস রাখা আছে, মিষ্টির রসগুলো এতই পুরোনো যে রং পরিবর্তন হয়ে গেছে। মেয়াদোত্তীর্ণ রসমালাই থেকে গন্ধ বের হচ্ছিল। কিন্তু সেগুলোও রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখা হচ্ছিল। কারখানা থেকে মিষ্টিসহ তিন মণ মিষ্টির রস এবং ২০ কেজি রসমালাই জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।