মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত একটি বেসরকারি হাসপাতালের নিজস্ব ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ইনজেকশন, খাবার স্যালাইনসহ বিভিন্ন ওষুধ জব্দ করেছেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ব্যবহারের অভিযোগে আদালত তাদের ৩০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ফারজানা ফেরদৌসী গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
সুপ্রিম ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হসপিটাল নামের ওই হাসপাতাল দুপচাঁচিয়া উপজেলা সদরের তিষিগাড়ি মোড়ে অবস্থিত। এর মালিক চিকিৎসক নির্মলেন্দু চৌধুরীর স্ত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ঊষা রানী চৌধুরী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে ওই হাসপাতালের নিজস্ব ওষুধের দোকানে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ ওষুধ ও খাবার স্যালাইন জব্দ করা হয়।
বিচারক ফারজানা ফেরদৌসী বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ব্যবহারের অভিযোগে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করা হয়েছে।