মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে চাঁদপুরের মতলব উপজেলায় এক ওষুধ ব্যবসায়ীকে ১৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ শাস্তি দেন।
দণ্ডপ্রাপ্ত এই ব্যবসায়ীর নাম শামীম আহমেদ (৩৮)। উপজেলার পাঁচানি গ্রামের চৌরাস্তার মোড়ে একটি তাঁর ওষুধের দোকান রয়েছে।
উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম পুলিশকে ওই দোকানে পাঠান। সেখানে গিয়ে পুলিশ বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ জব্দ করে দোকানের মালিক ও ব্যবসায়ী শামীম আহমেদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়।
ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। এসবের দায়ে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দণ্ড পাওয়া ওই দোকানিকে আজ বৃহস্পতিবার চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে।