মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ওষুধের পাঁচটি দোকানের মালিককে চার লাখ ৩০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার আমিন ফার্মেসির মালিক আমিনুল হককে ১ লাখ ২৫হাজার, মুন ফার্মেসির মালিক সুধীর চন্দ্র রায়কে ১ লাখ ৩৫ হাজার টাকা, শুভ ফার্মেসির মালিক পৃথিশ দাসকে ১ লাখ ২০ হাজার টাকা, জান্নাত ফার্মেসির মালিক হারুনুর রশিদকে ৪৫ হাজার টাকা এবং মোহাম্মদীয়া ফার্মেসির মালিক আশরাফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় র্যাব ৯-এর সুনামগঞ্জ কোম্পানির সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
শেখ হাফিজুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ প্রায় তিন লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। তিনি বলেন, প্রতিটি মানুষের উচিত ওষুধের মেয়াদ দেখে ক্রয় করা।