মেয়াদোত্তীর্ণ তিন জাহাজেই চলছে যাত্রী পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) তিনটি মেয়াদোত্তীর্ণ জাহাজ দিয়েই ঝুঁকি নিয়ে চট্টগ্রাম থেকে হাতিয়া-সন্দ্বীপ নৌপথে যাত্রী পারাপার চলছে দীর্ঘদিন। কোনো রকমে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে এগুলো।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-হাতিয়া-সন্দ্বীপ এবং বরিশাল নৌপথে চলাচলের জন্য চারটি জাহাজ ছিল। এর মধ্যে গত বছর চট্টগ্রামের কর্ণফুলী ডকইয়ার্ডের কাছে বিক্রি হয়ে গেছে এমভি আলাউদ্দিন। বর্তমানে শুধু এমভি বারআউলিয়া, এমভি আবদুল মতিন এবং এমভি মনিরুল হক নামের তিনটি জাহাজ চট্টগ্রাম-হাতিয়া-সন্দ্বীপ নৌপথে চলাচল করছে।
চট্টগ্রাম নগরের সদরঘাট বিআইডব্লিউটিসি টার্মিনাল থেকে প্রতি সপ্তাহের শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম-হাতিয়া-সন্দ্বীপ নৌপথে এবং মঙ্গলবার চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে চলাচল করে।
জানা যায়, বর্তমানে মেয়াদোত্তীর্ণ তিনটি জাহাজেরই বেশ কিছু বড় ধরনের যান্ত্রিক সমস্যা রয়েছে। সময়মতো এসব কাজে হাত না দিলে বড় ধরনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
বিআইডব্লিউটিসি চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘তিনটি জাহাজের মেরামতকাজের ব্যাপারে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশার কথা হচ্ছে, সম্প্রতি একনেকের বৈঠকে চট্টগ্রাম-হাতিয়া-বরিশাল নৌপথের জন্য একটি এবং কুমিরা-গুপ্তছড়া নৌপথের জন্য একটিসহ মোট দুটি নতুন জাহাজ কেনার বিষয়টি অনুমোদন পেয়েছে। নৌচলাচলে এ দুটি জাহাজ যুক্ত হলেও যাত্রীরা অনেক উপকৃত হবেন আশা করি।’
সরেজমিনে নগরের সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, এমভি আবদুল মতিন এবং এমভি মনিরুল হকের ধোয়া-মোছা এবং ছোটখাটো মেরামতকাজ চলছে। দুটি জাহাজেরই জরাজীর্ণ দশা। মরচে পড়েছে এর পুরো অবয়বে।
পুরোনো জাহাজে চলাচলে দীর্ঘসময়: একটি নতুন জাহাজে চট্টগ্রামের সদরঘাট টার্মিনাল থেকে সন্দ্বীপ যেতে সময় লাগে প্রায় চার ঘণ্টা। কিন্তু এসব মেয়াদোত্তীর্ণ জাহাজের ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ছয় থেকে সাত ঘণ্টা এবং প্রতিকূল হলে সময় লাগে নয় থেকে দশ ঘণ্টা।
চট্টগ্রামের সন্দ্বীপ অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘গতকাল বুধবার সন্দ্বীপ থেকে এমভি আবদুল মতিনের ছেড়ে আসার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু ইঞ্জিন বিকল হওয়ায় তা ছেড়েছে সাড়ে তিন ঘণ্টা পরে। চট্টগ্রাম-হাতিয়া-সন্দ্বীপ রুটের জাহাজগুলো আর জোড়াতালি চালানোর সুযোগ নেই। চার লাখ সন্দ্বীপবাসীর জীবনের নিরাপত্তার কথা ভেবে এই রুটে নতুন জাহাজ চলাচলের ব্যবস্থা জরুরি। এর কোনো বিকল্প নেই।’
যাত্রী বহ­নক্ষমতা: জাহাজ সংকটের কারণে প্রতিবছরই ঈদ মৌসুমে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ এবং হাতিয়ায় যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এসব যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে কুমিরা-গুপ্তছড়া নৌপথে ট্রলারে ঝুঁকি নিয়ে চলাচল করে। জাহাজ তিনটির মধ্যে এমভি বারআউলিয়ার যাত্রী ধারণক্ষমতা প্রায় ৭৫০ জন এবং এমভি আবদুল মতিন এবং এমভি মুনিরুল হকের প্রতিটিতে সাড়ে তিন শ করে যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। যদিও স্বাভাবিক সময়ে এ নৌপথে প্রতি সপ্তাহে সাড়ে চার শ থেকে সাড়ে পাঁচ শ যাত্রী চলাচল করে। কিন্তু ঈদ মৌসুমে ধারণক্ষমতার দুই থেকে তিন গুণ বেশি যাত্রী বহন করা হয়।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান যা বলেন: বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান আসন্ন ঈদুল আজহার আগেই জাহাজ তিনটির টুকিটাকি মেরামতকাজ সারানোর প্রতিশ্রুতি দেন।