মেয়াদোত্তীর্ণ 'এড্রিন', রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তির জন্য জরুরি ভিত্তিতে জীবন রক্ষাকারী এড্রিন ইনজেকশনের প্রয়োজন ছিল। চিকিৎসকের নির্দেশ অনুসারে, হাসপাতালের পাশের একটি ওষুধের দোকান থেকে দুটি এড্রিন ইনজেকশন কিনে আনেন আহত ব্যক্তিদের স্বজনেরা। কিন্তু শেষ মুহূর্তে চিকিৎসক দেখতে পান ইনজেকশনগুলোর মেয়াদ নেই। তিনি রোগীর শরীরে তা প্রয়োগ না করে ফেরত পাঠান। এর মধ্যে মৃত্যু ঘটে আহত দুই ব্যক্তির। 

এদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ওষুধের দোকান ঘেরাও করেন নিহত ব্যক্তিদের ক্ষুব্ধ স্বজনেরা। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে ওষুধ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন। ঘটনাটি মাগুরার।
মাগুরা সদর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, আজ সোমবার ভোরে মাগুরা শহরের পারনান্দুয়ালী সেতুর কাছে পিকআপের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাঁরা হলেন মাগুরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের চিঠি ও সংবাদবাহক (ম্যাসেঞ্জার) ইব্রাহিম মণ্ডল (৩৫) ও চা দোকানি কুদ্দুস বিশ্বাস (৬০)। তাঁদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, আহত অবস্থায় দুজনের জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয়। আজ সকাল সাড়ে ছয়টার দিকে হাসপাতালের শল্যচিকিৎসক চিত্তরঞ্জন রায় হাসপাতালে অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আহত দুই ব্যক্তির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। সেই সময় তাঁদের শরীরে দ্রুত এড্রিন ইনজেকশন প্রয়োগ করার প্রয়োজন হয়। চিকিৎসকের নির্দেশ পেয়ে আহত ব্যক্তিদের স্বজনেরা হাসপাতালের পাশে মুন্সী মেডিকেল নামের একটি ওষুধের দোকান থেকে ওই ইনজেকশন নিয়ে আসেন। কিন্তু রোগীদের শরীরে ব্যবহারের আগে চিকিৎসক দেখতে পান ইনজেকশনগুলো মেয়াদোত্তীর্ণ। তিনি তা প্রয়োগ না করে ফেরত পাঠান।

এই সময়ের মধ্যেই আহত দুই ব্যক্তির একজন অস্ত্রোপচারের সময় এবং অপরজন অস্ত্রোপচারের পর মারা যান। ক্ষুব্ধ স্বজনেরা এই মৃত্যুর জন্য যথাসময়ে এড্রিন ইনজেকশন প্রয়োগ করতে না পারাকে দায়ী করে মুন্সী মেডিকেলে গিয়ে বিক্রেতার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনা শুনে এতে যোগ দেন প্রত্যক্ষদর্শীরাও। দেখা দেয় উত্তেজনা। উত্তেজিত লোকজন ওষুধের দোকানটি ঘেরাও করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে ওষুধ বিক্রেতাকে জেল-জরিমানা করেন।
শল্যচিকিৎসক চিত্তরঞ্জন রায় প্রথম আলোকে বলেন, ‘রোগীর সংকটাপন্ন অবস্থায় জীবন বাঁচাতে এড্রিন নামের ইনজেকশন রোগীর শরীরে প্রয়োগ করা হয়। অনেক সময় এই ইনজেকশন প্রয়োগে রোগী বেঁচে ওঠে। তবে আজ ওই ইনজেকশনগুলো মেয়াদোত্তীর্ণ দেখে আমি ফেরত পাঠাই।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাগুরার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) পরিমল কুমার সরকার প্রথম আলোকে বলেন, ওষুধের দোকানে ওই সময় মালিক ছিলেন না। কর্মচারী প্রদীপ বিশ্বাস মেয়াদোত্তীর্ণ ওই ইনজেকশন বিক্রি করেন। আগস্ট মাসেই ওই ইনজেকশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। দোকান তল্লাশি করে আরও দুটি মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পাওয়া গেছে। এ ছাড়া চিকিৎসকদের জন্য রাখা সৌজন্যমূলক নমুনা ওষুধও বিক্রির জন্য সেখানে রাখতে দেখা গেছে। এ ঘটনায় দোকান কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানা দিয়ে ওই বিক্রেতা মুক্তি পান।