মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস, মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চণ্ডীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান আজ সোমবার এ আদেশ দেন।

দণ্ডিত ওষুধ ব্যবসায়ীর নাম ফারুক হোসেন। তিনি চণ্ডীপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ন্যাশনাল ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের মালিক।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন বৈধ কোনো অনুমোদন ছাড়াই চ​ণ্ডীপুর বাজারে ‘ন্যাশনাল ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান খুলে ব্যবসা করে আসছিলেন। দোকানটি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে, এমন অভিযোগে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুব্রত বিশ্বাস গতকাল রাত আটটার দিকে তল্লাশি চালায় এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে।
পরে এসব ওষুধ দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়। আজ সোমবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসেন। আদালতের নির্দেশে জব্দ করা ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও রফিকুল হাসান প্রথম আলোকে জানান, ওষুধ ব্যবসায়ী ফারুক হোসেন আদালতের কাছে দোষ স্বীকার করেছেন। তাঁর ভাষ্য, তিনি না বুঝেই ওষুধগুলো রেখেছিলেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলেও অঙ্গীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত ফারুক জরিমানার টাকা নগদ পরিশোধ করেন।