মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট
বাগেরহাট

মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার ও অব্যবস্থাপনার দায়ে বাগেরহাটের রামপাল উপজেলায় দুটি অননুমোদিত ডায়াগনস্টিক সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ফয়লা বাজার এলাকার ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টার ও নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার। এ সময় প্রতিষ্ঠান দুটি থেকে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল জব্দ করা হয়।

এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও প্রশাসনের অনুমতি না নিয়ে সম্প্রতি ফয়লা বাজারে ওই দুটি ডায়াগনস্টিক সেন্টার চালু করা হয়। প্রতিষ্ঠান দুটি অদক্ষ টেকনিশিয়ান দিয়ে ল্যাবের পরীক্ষা-নিরীক্ষা করত। অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারেরও প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতিষ্ঠান দুটির কোনোটিতেই মূল্যতালিকা ছিল না। এ ধরনের কার্যকলাপের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি স্থানীয় জনসাধারণের জীবন-স্বাস্থ্য হুমকির মুখে ফেলছিল।

অভিযোগের সত্যতা মেলায় ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।