মেয়ে খুন হওয়ার দুদিন পর বাবার আত্মহত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান (৪০) নামের এক ব্যক্তি গতকাল বুধবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মেয়ে কলেজছাত্রী সাথী খাতুন (২১) খুন হওয়ার দুদিন পর তিনি আত্মহত্যা করলেন।
সদর থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে রায়দৌলতপুর ইউনিয়নের বাড়াকান্দি চত্রা সেতু এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেন পৌঁছায়। এ সময় সাইদুর ওই ট্রেনের নিচে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গেই তিনি কাটা পড়ে মারা যান।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, ঘটনাস্থল থেকে সাইদুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি হেলাল উদ্দীন বলেন, সাইদুরের মেয়ে কলেজছাত্রী সাথীকে গত রোববার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরের দিন গত সোমবার সকালে তাঁর লাশ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সাথীরমা মনোয়ারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবেসাথীর হত্যাকাণ্ডের সঙ্গে সাইদুরেরসম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।