মেয়ে খুনের দুদিন পর বাবার লাশ উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় কলেজছাত্রীর গলা কাটা লাশ উদ্ধারের দুদিন পর তাঁর বাবার ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই বাবা ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেললাইনের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে বড়াকান্দি চত্রা ব্রিজ এলাকা থেকে বাবার লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম সাইদুর রহমান (৪০)। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামের বাসিন্দা।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি বড়াকান্দি চত্রা ব্রিজ এলাকায় পৌঁছালে সাইদুর রহমান ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকে সাইদুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে সদর থানার ওসি হেলাল উদ্দীন জানান, গত রোববার গভীর রাতে সাইদুর রহমানের মেয়ে কলেজছাত্রী সাথী খাতুনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন সোমবার সকালে তাঁর লাশ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ছাত্রীর মা মনোয়ারা বেগম একটি হত্যা মামলা করেছেন। ওসি বলেন, সাইদুর আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর আত্মহত্যার যোগসূত্র থাকতে পারে। মেয়ের মামলাটি তদন্তাধীন রয়েছে বিধায় বেশি কিছু বলা সম্ভব নয়। পরে জানানো হবে।