প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন মা-বাবা। কখনো এর ব্যতিক্রম হতে দেখেননি মেয়ে অংমেচিং মারমা (৩৪)। কিন্তু গতকাল সকাল সাড়ে সাতটা বাজার পরও তাঁদের কোনো সাড়াশব্দ ছিল না। কী হয়েছে জানতে, খানিকটা দুশ্চিন্তা নিয়েই মা-বাবার ঘরের দিকে যান। কাছে যেতেই দেখেন দরজা খোলা। ভেতরে ঢুকে দেখেন বিছানায় পাশাপাশি পড়ে আছে তাঁর মা-বাবার ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ।
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হয়েছেন বৃদ্ধ দম্পতি। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে হত্যা করে। পুলিশের ধারণা, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত দুজন হলেন ক্যহ্লাচিং মারমা (৭০) ও তাঁর স্ত্রী চিংহ্লামে মারমা (৬৫)। লামা উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়ায় তাঁদের বাড়ি। ক্যহ্লাচিং মারমা ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
মেয়ে অংমেচিং মারমা (৩৪) গতকাল বিকেলে বান্দরবান সদর হাসপাতালে প্রথম আলোকে বলেন, মা-বাবা আলাদা থাকলেও তিনি তাঁদের রান্না করে দিতেন। তিনি স্বামীসহ পাশেই থাকেন। গতকাল সকালে রান্না করার জন্য ঘরে ঢুকে বীভৎস দৃশ্য দেখতে পান।
ফাসিয়াখালী ইউপির ইয়াংসা ছোটপাড়া এলাকার বর্তমান সদস্য আপ্রুসি মারমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাঁচ মাস আগেও ক্যহ্লাচিং মারমার বাড়িতে চুরির ঘটনা ঘটে। কয়েকজনের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে হত্যার ঘটনা ঘটেছে, না কি অন্য কারণে হয়েছে তা তদন্ত করা দরকার।
ইয়াংসা ছোটপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) ও ক্যহ্লাচিংয়ের মেয়ের জামাই অংসিউ মারমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর শ্বশুর-শাশুরি আলাদা বাড়িতে থাকতেন। গতকাল সকালে তাঁরা ঘুম থেকে উঠছেন না দেখে তাঁর শ্যালিকা অংমেচিং ঘরে ঢুকে দেখেন খাটে দুজনের রক্তাক্ত লাশ পাশাপাশি পড়ে রয়েছে। তাঁর শ্বশুরের গলায় কাটা চিহ্ন এবং শাশুড়ির বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘরের আলমারি, সিন্দুক ও অন্য জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া গেছে।
বৃদ্ধ দম্পতির ছেলে মংক্যহ্লা বলেন, তাঁরা তিন ভাই, তিন বোন। এর মধ্যে পাঁচজন একই পাড়ায় থাকেন, তবে সবাই আলাদা। এক ভাই ঢাকায় দেশ টেলিভিশনে ভিডিও সম্পাদক হিসেবে কাজ করেন। তাঁদের সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের এবং বাইরের এক ব্যক্তির একসময় জমি নিয়ে বিরোধ ছিল। এখন তা মিটে গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না তাঁরা।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের পরিচয় জানাননি তিনি।
এদিকে বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় ও সেনাবাহিনীর সদস্যরা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসপি সঞ্জিত কুমার রায় সাংবাদিকদের বলেন, সাবেক এই ইউপি সদস্যের পরিবারের সঙ্গে জমি নিয়ে বাইরের বেশ কয়েকজনের বিরোধ রয়েছে এমন তথ্য তাঁরা পেয়েছেন। এর বাইরে অন্য কিছু রয়েছে কি না তাও তদন্ত করা হচ্ছে।