মেয়ে হত্যার বিচার চেয়ে ইউএনওর পায়ে মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বোয়ালধার গ্রামের গৃহবধূ নাসরিন আক্তারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল হয় l ছবি: প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বোয়ালধার গ্রামের গৃহবধূ নাসরিন আক্তারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল হয় l ছবি: প্রথম আলো

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পায়ের ওপর পড়ে মেয়ে হত্যার বিচার চাইলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বোয়ালধার গ্রামের গৃহবধূ নাসরিন আক্তারের মা। নাসরিন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গীর চাড়োল গ্রামের নাজিম উদ্দীনের মেয়ে ও একই উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের রেজাউল করিমের স্ত্রী নাসরিনের লাশ গত সোমবার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নাসরিনের বাবা নাজিম বলেন, কয়েক মাস আগে পাঁচ লাখ টাকা যৌতুকের বিনিময়ে রেজাউলের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আরও যৌতুকের জন্য নাসরিনকে নির্যাতন করত রেজাউলের পরিবার। গত রোববার দুপুরে তিনি নাসরিনের সঙ্গে দেখা করতে যান। বিকেলে তিনি বাড়ি ফিরে আসেন। রাতে নাসরিনের শ্বশুরবাড়ির লোকজন তাঁকে (নাজিম) মুঠোফোনে বলেন, তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয় লোকজন তাঁর লাশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সোমবার রাতে নাজিম বাদী হয়ে নাসরিনের স্বামী রেজাউল করিম, শ্বশুর নুর ইসলাম, শাশুড়ি আনোয়ারা বেগমসহ ১১ ব্যক্তির নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

নাসরিন হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাড়োল এলাকাবাসীর ব্যানারে গতকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সদরের চৌরাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন হয়। এতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, বালিয়াডাঙ্গীর চাড়োল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য মইনুল হক, নাজিম উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।

বিক্ষোভ ও মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার আগে মেয়ে হত্যার বিচার চেয়ে নাসরিনের মা শরিফা বেগম ইউএনও আবদুল মান্নানের পায়ের ওপর পড়ে কান্নাকাটি করেন। সে সময় তিনি মেয়ে হত্যার বিচার চান। এরপর শরিফা মূর্ছা যান। পরে নাজিম স্মারকলিপিটি ইউএনওর হাতে তুলে দেন। এ সময় ইউএনও মান্নান ও বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

নাজিম বলেন, মামলাটি তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে।

ওসি মোস্তাফিজার রহমান বলেন, আসামিরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।