মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারধর
পরীক্ষার কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে কয়েকজন যুবক উত্ত্যক্ত করছিল। এর প্রতিবাদ করায় মেয়েটির বাবাকে মারধর করেছে ওই যুবকেরা। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
ঘটনার পরপর ওই মেয়ের বাবা গাংনী উপজেলা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ব্যক্তি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুপুরে তাঁর মেয়েকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ভ্যানের পেছনে দুটি মোটরসাইকেলে চারজন যুবক আসছিল। রানা সিনেমা হলের সামনে পৌঁছালে দুজন যুবক তাঁর মেয়েকে কটু কথা বলে। এ সময় তিনি ভ্যান থামিয়ে প্রতিবাদ করলে যুবকেরা তাঁকে কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে তাঁর জামা ছিঁড়ে দেয়।
পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই যুবকেরা পালিয়ে যায়। তিনি যুবকদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন। পরে তিনি ইউএনওর কাছে অভিযোগ দেন।
ইউএনও আরিফ-উজ-জামান বলেন, মেয়েটির বাবার মৌখিকভাবে বিষয়টি তাঁকে জানিয়েছেন। অভিযুক্ত যুবকদের ধরতে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককেও জানানো হয়েছে।