মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পেটাল বখাটে
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মেয়ের বাবাকে লিটন হোসেন (২৭) নামের এক বখাটে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর বাগমারার ঝিকড়া ইউনিয়নের রাজারামপুর গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের দেওয়া তথ্য ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঝিকড়া ইউনিয়নের রাজারামপুর গ্রামের সদের আলীর বখাটে ছেলে লিটন হোসেন (২৭) স্কুলপড়ুয়া ওই মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। এই নিয়ে মেয়েটির বাবা আগেও লিটন হোসেনের এলাকার মাতব্বরদের কাছে অভিযোগ দেন। পরে লিটন ভবিষ্যতে মেয়েটিকে আর উত্ত্যক্ত করবেন না বলে মুচলেকা দেন। কিন্তু বৃহস্পতিবার তিনি আবারও ওই মেয়েটিকে উত্ত্যক্ত করেন। বিকেলের দিকে লিটনের সঙ্গে দেখা হলে মেয়েটির বাবা প্রতিবাদ করেন। তখন বাগ্বিতণ্ডার একপর্যায়ে লিটন তাঁকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন মেয়ের বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের ঝিকড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল মানিক বলেন, লিটন মাদকাসক্ত এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
বাগমারা থানার এসআই আবদুর গণি বলেন, এই বিষয়ে থানায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে লিটন পলাতক।