মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে উত্ত্যক্তকারীর পরিবারের সদস্যদের পিটুনিতে প্রাণ হারালেন মা মোছা. খুশি বেগম (৪৫)। তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
মোছা. খুশি বেগমের ১৮ বছর বয়সী ওই মেয়ের বিয়ে হয়েছিল। তবে কিছুদিন আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে থাকছিলেন। মেয়েটির বাবা কামরুল ইসলাম একজন দিনমজুর। তাঁদের বাড়ির পাশেই উত্ত্যক্তকারী বলে অভিযুক্ত আবু হানেফ আলীর (৪০) বাড়ি।
থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, আবু হানেফ আলী বেশ প্রভাবশালী। মেয়েটিকে তিনি মাঝেমধ্যে উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে হানেফ আলীর স্ত্রী নিরালা বেগম ও তাঁর বোন রহিমার সঙ্গে খুশি বেগমের ঝগড়া হয়। এর একপর্যায়ে তাঁরা খুশি বেগমকে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খুশি বেগমের স্বামী কামরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আবু হানেফ দুবাই থাকতেন। গত রোজার সময় বাড়িতে আসার পর একদিন সন্ধ্যায় তাঁর মেয়েকে তিনি জোর করে ঘরে নিয়ে যেতে চান। ওই দিন তাঁর মেয়ে পালিয়ে রক্ষা পায়। এ ঘটনা গ্রামের মুরব্বিদের কাছে জানানো হলেও তিনি কোনো বিচার পাননি। তাই গতকাল দুপুরে তাঁর স্ত্রী হানেফের বাড়িতে যান। তখন হানেফ বাড়িতে ছিলেন না। সেখানে তিনি হানেফের স্ত্রী নিরালা বেগম ও তাঁর বোন রহিমা খাতুনের কাছে অভিযোগ করেন। এতে তাঁরা দুজন ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিরালা বেগম ও রহিমা খাতুনকে আটক করা হয়েছে। হানেফসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ খন্দকার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।