মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে হামলার শিকার বাবা
কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক বাবা। হামলায় আরও চারজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের এক ছাত্রী বাইসাইকেল চালিয়ে নিয়মিত কলেজে যাতায়াত করেন। যাওয়া–আসার পথে এলাকার কয়েকজন যুবক তাঁকে উত্ত্যক্ত করেন। এ ঘটনা জানার পর গত শনিবার ওই ছাত্রীর বাবা ওই যুবকদের একজনের সঙ্গে দেখা করে উত্ত্যক্তের প্রতিবাদ করেন এবং আর উত্ত্যক্ত না করার জন্য বলেন। এরপর গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই যুবকেরা ছাত্রীর বাড়িতে হামলা করেন। তাঁরা ছাত্রীর বাবাকে রশি দিয়ে বেঁধে বেদম মারধর করেন এবং ছাত্রীর পরিবারের আরও চার সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ‘ওরা আমার মেয়েকে এভাবে ইভ টিজিং করে, যাতে আমার মেয়ে লেখাপড়া করতে না পারে। তাঁরা খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন না করতে পেরে আমাদের ওপর হামলা করেছে।’
ওই ছাত্রী বলেন, ‘আমার কি লেখাপড়া করার অধিকার নেই? ওদের জন্য আমাকে কি ভয় পেয়ে বাড়িতেই থাকতে হবে?’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’