মেয়েকে ধর্ষণ শেষে মাসহ কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঘরের দরজা ভেঙে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে ও তাঁর মাকে কুপিয়ে হত্যা করেছে তারা। এ সময় বাধা দিতে গেলে গুরুতর জখম করা হয়েছে ছাত্রীর বড় ভাইকে।
নৃশংস এ ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার আতলরা ফাউকাল এলাকায় গত বৃহস্পতিবার মধ্যরাতে। নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় মৃত আমির উদ্দিনের স্ত্রী হাছিনা বিবি (৫০) ও মেয়ে আরিফা খাতুন (১৮)। জখম হয়েছেন আরিফার বড় ভাই শাহজাহান মিয়া (২৫)। আরিফা ধলাদিয়া কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী।
পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাছিনা বিবি তাঁর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মাটির ঘরে থাকতেন। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে একটি ঘরে হাছিনা, আরিফা ও শাহজাহান এবং অপর ঘরে ছোট ছেলে মুজিবুর (২১) ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত ঘরের নড়বড়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘুমন্ত মা ও ছেলেকে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করে। এ সময় মা ও ছেলে বাধা দিলে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। ধর্ষণের পর আরিফাকেও কুপিয়ে জখম করা হয়। তাঁদের আর্তচিৎকারে ছোট ছেলে এবং প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসীর সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফাকে মৃত ঘোষণা করেন এবং মা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে মা-ও মারা যান। আহত শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণকারীদের চিনে ফেলায় তারা তিনজনকেই কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বলে ধারণা করা হচ্ছে।
নিহত আরিফা টিউশনি করে কলেজে লেখাপড়ার খরচ চালাতেন। শাহজাহান রাজমিস্ত্রির সহকারী এবং মুজিবুর স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।
শহীদ তাজউদ্দীন মেডিকেলের চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, কলেজছাত্রীর ময়নাতদন্ত শেষ হয়েছে। তাঁর শরীরে অনেক কোপের দাগ রয়েছে। এ ছাড়া ধর্ষণের আলামত পাওয়া গেছে।
নিহত কলেজছাত্রীর ভাই মুজিবুর জানান, তাঁদের সহায়-সম্পত্তি বলতে বাড়ির ভিটাটাই। কারও সঙ্গে তাঁদের শত্রুতা নেই। কেন এমন ঘটল বুঝতে পারছেন না।
এ ব্যাপারে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডটির কোনো সূত্র আমরা পাচ্ছি না। একই কায়দায় এর আগেও কয়েকটি ঘটনা ঘটেছে।’
আর্থিক সহায়তা: শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদেকুর রহমান জানান, জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ৩০ হাজার টাকা দিয়েছেন।