মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
নরসিংদীর মাধবদী এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্দা গ্রামে। নিজের ৯ মাস বয়সী মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ রয়েছে জহিরুলের বিরুদ্ধে।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামের সঙ্গে গত ২৯ জুলাই রাতে স্ত্রী কুলসুম বেগমের ঝগড়া বাধে। একপর্যায়ে জহিরুল নিজের শিশুকন্যা জান্নাত আক্তারের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। আগুনে মারাত্মক দগ্ধ হয় শিশুটি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ৩ আগস্ট বৃহস্পতিবার হাসপাতাল থেকে তাকে বাড়ি ফিরিয়ে নেওয়া হয়। পরদিন শুক্রবার ভোরে শিশুটি মারা যায়। এরপর জহিরুল ইসলাম আত্মগোপন করেন।
এই ঘটনায় শিশুটির নানি সাজিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় জহিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।