মেয়েকে বিয়ে করতে না পেরে বাবাকে হত্যা?
পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়িয়া মহল্লার স্টেশনপাড়ায় বকুল সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল বুধবার সকালে শামিল শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শামিলের বাড়ি সদরের পুষ্পপাড়া এলাকায়।
গতকাল দুপুরে শামিলকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রেজাউল করিমের আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাঁর এক বন্ধু বকুল সরদারের মেয়েকে বিয়ে করতে ব্যর্থ হয়ে খুনের পরিকল্পনা করে বলে তিনি জানিয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকুল সরদার সদরের বাইপাস মোড় থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে বকুল সরদারের স্ত্রী সুম্মা বেগম বাদী হয়ে অজ্ঞাত লোকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল সালাম বলেন, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ও মামলার বাদীর সন্দেহের সূত্র ধরে গতকাল সকালে জেলা সদরের ফরেস্টপাড়া এলাকা থেকে শামিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাঁকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রেজাউল করিমের আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ওই জবানবন্দি দেন।
জবানবন্দিতে শামিল বলেন, বকুল সরদারের এইচএসসি পড়া একটি মেয়ে আছে। তাঁর (শামিলের) বন্ধু রজব আলী মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু বকুল সরদার বিয়ে দেননি। উল্টো রজবকে কুফুরি মন্ত্র নিয়ে পাগল করেছিলেন। পরে ওই বন্ধু সুস্থ হয়ে এ হত্যার পরিকল্পনা করেন। রজবসহ তাঁরা সাত বন্ধু এই হত্যার সঙ্গে জড়িত।
এসআই আবদুল সালাম প্রথম আলোকে বলেন, জবানবন্দি শেষে শামিলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।