মেয়েকে সিগারেটের ছ্যাঁকা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিজের তিন বছরের মেয়ের শরীরে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়ার প্রতিবাদ করায় রাজীব চন্দ্র দাস (২৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে। গতকাল রোববার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজীব চন্দ্র দাস উপজেলার কেন্দুয়াপাড়া এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত জহিরুল ইসলামকে আটক করতে পারেনি পুলিশ।
রাজীব চন্দ্র দাসের স্ত্রী প্রভাতি রানী বলেন, তাঁর স্বামী রাজীব পেশায় কাঠমিস্ত্রি। গত শনিবার দুপুরে স্থানীয় সানাউল্লাহ মিয়ার বখাটে ছেলে জহিরুল কেন্দুয়াপাড়া এলাকায় তাঁদের বাড়ির আঙিনায় এসে সিগারেট খাচ্ছিল। এ সময় জহিরুল তাঁদের তিন বছরের মেয়ে প্রিয়ন্তি রানীর বুকে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়। বিষয়টি রাজীব স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি (কাউন্সিলর) জহিরুলের বাড়িতে গিয়ে শাসিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় জহিরুল বাড়িতে এসে রাজীবকে মারধর করে। রাজীব মারধরের ঘটনাটি স্থানীয় কিরণ মিয়াকে জানান। এ ঘটনায় জহিরুলকে কিরণ কয়েকটা চর-থাপ্পড় দেন ও এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য শাসিয়ে দেন। ওই ঘটনার জের ধরে গতকাল রাত সাড়ে সাতটার দিকে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের (ঢাকা বাইপাস) চান টেক্সটাইল মিলের সামনে রাজীবকে জহিরুল চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রাজীবের চিৎকারে আশপাশের লোকজন এসে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত পৌনে নয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন গতকাল রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ঘটনায় জহিরুলের বড় ভাই কবির হোসেন ও ভাতিজা ইকবাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জহিরুলকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।