মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাপাশিকোপা গ্রাম থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্বজনদের ধারণা, চার বছরের শিশু কন্যা মোনালিসাকে হত্যার পর আত্মহত্যা করেন মা লায়লা বানু (২৪)। আজ শনিবার রাত আটটার দিকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। 

লায়লার শাশুড়ি আমেনা বেগম বলেন, তাঁর ছেলে মো. লিখন (৩৫) কিডনি রোগে ভুগছিলেন। তাঁকে ঢাকা ও রংপুরে চিকিৎসা করানো হচ্ছিল। তাঁর চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি সর্বস্বান্ত হয়ে গেছে। এ অবস্থায় তিনি তাঁর ছেলেকে আজ সকালে রংপুরে এক পিরের কাছে নিয়ে যান। পরে সন্ধ্যায় বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ঢুকে দেখা যায় দুজনের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আমেনা বেগম আরও বলেন, লায়লা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পাওনাদারদের তাগাদা ও ভর্ৎসনা শুনে অতিষ্ঠ হয়ে লায়লা মেয়েকে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, সুরতহাল প্রতিবেদনে মনে হয়েছে এটি আত্মহত্যার ঘটনা। তবে তদন্তের আগে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। ময়নাতদন্তের জন্য লাশ কাল রোববার দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।