মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় প্রতিবন্ধী মেয়েকে হত্যা করে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। মৃত্যুর আগে তাঁর লিখে যাওয়া একটি চিঠি পরে পাওয়া গেছে। তাতে আত্মহত্যার জন্য তিনি নিজ অফিসের একজন কর্মকর্তার দুর্ব্যবহারে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়াকে দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
শহরের আহসান আহমেদ রোডের একটি বাড়ি থেকে গতকাল বুধবার বেলা ১১টার দিকে ওই বাবা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৃত দুজন হলেন মোড়ল মোস্তফা কামাল (৪৮) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৪)। মেয়েটি শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছিল। মোস্তফা খুলনা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের (ইনমাস) হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার আটটাকা গ্রামে। আহসান আহমেদ রোডের বাড়িতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
পরিবার ও পুলিশের ভাষ্যমতে, অফিসের কাজে মানসিকভাবে প্রচণ্ড চাপে ছিলেন মোস্তফা কামাল। প্রতিবন্ধী মেয়ের অসুস্থতায় তিনি হতাশাগ্রস্ত ছিলেন। সম্প্রতি নিজের মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর অফিসের এক কর্মকর্তার দুর্ব্যবহারের শিকার হন। এতে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। আত্মহত্যার আগে মঙ্গলবার রাত ১০টার দিকে একটি চিঠি লিখে যান।
নিজের সই করা চিঠিতে আত্মহত্যার জন্য ইনমাসের খুলনা শাখার পরিচালক অশোক কুমার পালকে দায়ী করেছেন মোস্তফা। মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা ও হত্যার অভিযোগে দুটি মামলা করেছেন সুমাইয়ার মামা ফারুক হোসেন।
তবে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে অশোক কুমার প্রথম আলোকে বলেন, ‘মোস্তফা কামাল গত ডিসেম্বরে মেরুদণ্ডে একটি অপারেশন করেন। আমাদের হিসাবরক্ষণ শাখাটি চতুর্থ তলায়। ৩ জানুয়ারি তিনি অফিসে যোগ দিয়ে অপারেশন-পরবর্তী ওঠা-নামার সমস্যায় নিচতলায় একটি কক্ষ তিন মাসের জন্য বরাদ্দ চান। সে অনুযায়ী ৪ জানুয়ারি একটি কক্ষও বরাদ্দ দেওয়া হয়। তাঁর সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জিয়াউদ্দিন আহমেদ বলেন, মোস্তফা তাঁর প্রতিবন্ধী মেয়েটির সেবাযত্ন করতেন এবং সব সময় কাছে রাখতেন। মঙ্গলবার রাতেও মেয়ের দেখভাল করতে তিনি একই কক্ষে ঘুমিয়েছিলেন। সকালে পরিবারের অন্য সদস্যরা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে তা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা মোস্তফাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। তখন পাশেই পড়ে ছিল মেয়ের লাশ। পরে পুলিশকে খবর দিলে লাশ দুটি উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে রাত ১০টার দিকে চিঠিটি লেখার পর মোস্তফা কামাল প্রথমে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।