মেয়েকে হারিয়েও রেহাই নেই মায়ের
মেয়েকে বখাটেরা উত্ত্যক্ত করছিল স্বামীর বাড়ি গিয়েও। এতে বিব্রত ছিলেন স্বামীর বাড়ির লোকজন। উদ্বিগ্ন মা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে এসে এক বখাটের বাবার কাছে বিচার প্রার্থী হন। এতে ক্ষুব্ধ হয়ে ওই বখাটে সঙ্গীদের নিয়ে রাতের বেলা ঘরে ঢুকে মেয়েকে বেধড়ক মারধর করে। ক্ষোভে মেয়েটি পরদিন আত্মহত্যা করেন। নিরুপায় মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলায় গ্রেপ্তার হন এক বখাটের বাবা। জামিনে মুক্ত হয়ে ওই মায়ের ওপর চড়াও হন তিনি। মামলা প্রত্যাহারের দাবি না মানায় ঘরে ঢুকে এবার বখাটের বাবাসহ একদল লোক মাকে বেঁধে রাতভর মারধর করে। বখাটেদের নির্যাতনের এ ঘটনা ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে।
মামলা প্রত্যাহারে রাজি না হওয়া পর্যন্ত ঘরে ‘বন্দী’ করে রাখার খবর পেয়ে গত শনিবার পুলিশ ওই নারীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন জানান, বখাটেদের উৎপাতে মেয়ের আত্মহত্যার অভিযোগ ও আসামিদের হাতে মায়ের নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি পুলিশের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। মাকে নির্যাতনের ঘটনায় তাঁর এক ভাই বাদী হয়ে আরেকটি মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে। কিন্তু ওরা খুব খারাপ ও ধূর্ত প্রকৃতির। এ কারণে গ্রেপ্তার বিলম্ব হচ্ছে।
গতকাল সোমবার হাসপাতালে গিয়ে দেখা যায়, এখনো স্বাভাবিক অবস্থায় আসেননি তিনি। অস্ফুট স্বরে ঘটনার বর্ণনা দিয়ে থেমে থেমে কাঁদছিলেন। কখনো আত্মহননকারী মেয়ের নাম আবার কখনো তাঁর ওপর নির্যাতনকারীদের নাম উচ্চারণ করে বিলাপ করছিলেন। ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম রয়েছে। তিনি মানসিকভাবেও বিপর্যস্ত। তাঁকে চিকিৎসকের পর্যবেক্ষণে রেখে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।
হাসপাতালে ওই নারীর এক ভাই জানান, তাঁর বোনের স্বামী মানসিক ভারসাম্যহীন; দিনমজুরি করে সংসার চালান বোন। গ্রামের একদল বখাটে মেয়েকে উত্ত্যক্ত করায় মাস তিনেক আগে মেয়েকে (২২) বিয়ে দিয়েছিলেন পাশের গ্রাম ঢালারপারে। সেখানে গিয়েও বখাটেরা মেয়েকে উত্ত্যক্ত করত। এতে মেয়ের স্বামীর বাড়ির লোকজন বিব্রতবোধ করলে গত ২০ নভেম্বর মেয়েকে নিজের বাড়িতে এনে বিচারপ্রার্থী হন বখাটের বাবার কাছে। এতে ক্ষুব্ধ হয়ে ২৪ নভেম্বর রাতে ঘরে ঢুকে মেয়েকে মারধর করে বখাটে। পরদিন মেয়েটি বিষপানে আত্মহত্যা করেন।
এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে কাঁঠালবাড়ির জীবন মিয়া, ছাওয়াল মিয়া ও দরবেশকে আসামি করে মামলা করলে পুলিশ ২৮ নভেম্বর জীবনের বাবা ছাওয়ালকে গ্রেপ্তার করে। প্রায় দুই সপ্তাহ কারাভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ছাওয়াল মিয়া তাঁর ছেলেসহ সঙ্গীদের নিয়ে মাকে ঘরে বেঁধে রেখে মারধর করে। পুলিশ ১৩ ডিসেম্বর তাঁকে উদ্ধার করে আলমগীর (৩২) নামে অভিযুক্ত এক বখাটেকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে অভিযুক্ত কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মুঠোফোনে যোগাযোগ করলে ছাওয়াল মিয়ার চাচাতো ভাই পরিচয় দেওয়া এক ব্যক্তি ঘটনা সত্য নয় দাবি করেন এবং ‘মা-মেয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে ফোন কেটে দেন।’