মেয়েটির দায়িত্ব নিল না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাঙাহাটি গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। তার পরিবার চিকিৎসার জন্য গতকাল শুক্রবার সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের প্রতিবেদন না পেলে তাকে ভর্তি করা যাবে না বলে জানিয়ে দেয়। পরিবারটি থানায় ছুটে গেলে সেখান থেকে বলা হয়, আগে চিকিৎসা করাতে হবে।
এভাবে বানিয়াচং থানা ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের অবহেলার কারণে ওই ছাত্রী চিকিৎসা নিতে পারেনি। একই কারণে ধর্ষণের অভিযোগে মামলাও করতে পারেনি তার পরিবার।
ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার ওই ছাত্রী গত বুধবার রাত আটটায় বানিয়াচং উপজেলার রাঙাহাটি গ্রামের একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় একই গ্রামের সইফুল মিয়া (২২) মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর মেয়েটি লজ্জা ও ভয়ে পরিবারকে জানায়নি। পরদিন অসুস্থ হয়ে পড়ায় সে বিষয়টি তার মাকে জানায়।
গতকাল সকাল নয়টার দিকে ওই ছাত্রীর বাবা ও স্বজনেরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় ওই বিভাগের দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করতে অস্বীকৃতি জানান। তাঁরা বলেন, আগে পুলিশি প্রতিবেদন লাগবে। নইলে ভর্তি করা যাবে না। বেলা ১১টার দিকে তার অভিভাবকেরা মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে নিয়ে যান বানিয়াচং থানায়। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, এভাবে মামলা নেওয়া যাবে না। আগে হাসপাতালে ভর্তি হতে হবে। তখন পরিবারটি জানায় হাসপাতালে তারা গিয়েছিল, সেখান থেকেই তাদের পাঠানো হয়েছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কোনো সিদ্ধান্ত না দিয়ে তাঁদের কয়েক ঘণ্টা থানায় বসিয়ে রাখেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী থানায় এলে ওই ছাত্রীর পরিবার তাঁর সঙ্গে কথা বলে। ওসিও তাদের বলেন, আগে হাসপাতালে চিকিৎসা শুরু করতে হবে। এভাবে সিদ্ধান্তহীনতায় বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যন্ত্রণা নিয়ে থানায় বসে থাকে ওই ছাত্রী। মেয়েটির বাবা বলেন, সকাল সাড়ে নয়টায় হাসপাতালে যান তাঁরা। কেউই তাঁর মেয়ের দায়িত্ব নিল না। হাসপাতাল কর্তৃপক্ষ বলে আগে মামলা করতে হবে। পরে তারা চিকিৎসা করবে। থানায় যাওয়ার পর সেখানে পুলিশও বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসিয়ে রাখে। কিন্তু মামলা নেয়নি।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ‘মামলা যেকোনো সময় নেওয়া যাবে। তবে মেয়েটির অবস্থা খারাপ দেখে আগে তাকে পাঠিয়েছি চিকিৎসার জন্য।’
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মহসিনুল করিম বলেন, এ বিষয়টিতোঁকে কেউ জানায়নি। ওই সময় জরুরি বিভাগে কারা দায়িত্বে ছিলেন, সে ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ সময় তাঁর কাছে সকাল নয়টায় জরুরি বিভাগে কোন চিকিৎসক দায়িত্বে ছিলেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত মেয়েটি হাসপাতালে ফিরে আসেনি চিকিৎসা নেওয়ার জন্য।