ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মুহ্তাসিন বিল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন ছাত্র এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। হত্যার ঘটনায় আরও ১১ জন জড়িত আছে। একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে তাকে হত্যা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন ডেকে পুলিশ এসব কথা জানায়। এ সময় পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় করিয়ে দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রশিদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া তিনজন হচ্ছেন আসাদুজ্জামান পিয়াস (১৯), জামিল হোসেন ওরফে পিয়াস (১৯) এবং সিফাত ইয়াছিন ওরফে তুবা (১৮)। তাঁরা ময়মনসিংহ শহরের রয়েল মিডিয়া নামের একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকে গত সোমবার অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। খুনের ঘটনায় ওই তিনজনসহ মোট ১৪ জন জড়িত। বাকি ১১ জন ময়মনসিংহের বিভিন্ন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা বন্ধু ছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে বলেন, গত বৃহস্পতিবার মুহ্তাসিনের (১৭) এক মেয়েবন্ধুকে কয়েকজন উত্ত্যক্ত করেছিল। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেছিল সে। এ নিয়ে ছেলেবন্ধুদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই ওই দিন সন্ধ্যায় শহরের টাউন হল মোড় এলাকায় মুহ্তাসিনকে ছুরিকাঘাত করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এ ঘটনায় গত শনিবার মুহ্তাসিনের বাবা এমদাদুল হক ময়মনসিংহ কোতোয়ালি থানায় ১৪ জনকে আসামি করে মামলা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দাবি করেন, গ্রেপ্তার হওয়া তিনজনই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফুলবাড়িয়ায় মানববন্ধন: গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মুহ্তাসিনের গ্রামের বাড়ি ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তাঁরা দ্রুত মুহ্তাসিনের খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান।