মেয়ের উত্ত্যক্তকারীর ছুরির আঘাতে বাবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গোপালগঞ্জে বখাটের হাতে ছুরিকাহত বাবা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কাজী মাহবুব হোসেন মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ১৫ জুলাই রাতে গোপালগঞ্জ শহরে নিজ বাড়ির সামনে মাহবুবকে ছুরি দিয়ে আঘাত করেন বখাটে আকাশ (২৫) ও তাঁর সহযোগীরা। ওই রাতে গুরুতর অবস্থায় তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন পর অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

নিহত মাহবুবের স্বজনদের ভাষ্য, আকাশ শহরের মিয়াপাড়া বস্তির আকতার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রায় এক বছর আগে আকাশের বিরুদ্ধে থানায় অভিযোগ করে মেয়েটির পরিবার। পুলিশ তখন আকাশকে আটক করে। পরে তাঁকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি এ নিয়ে আকাশের সঙ্গে কথা-কাটাকাটি হয় বাবার। এর জেরে এ হত্যাকাণ্ড।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। উত্ত্যক্তকারী ও তাঁর সহযোগীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। মাহবুবের লাশের ময়নাতদন্ত হবে।