মেয়ের সাক্ষ্যে বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্বামীর হাতে শামসুন্নাহার (২৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। হত্যার পর ফাঁস লাগিয়ে স্ত্রীকে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন স্বামী আবুল কালাম (৩৫)।
কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী এ দম্পতির আট বছরের মেয়ে সব ফাঁস করে দেয়। গ্রেপ্তার হন আবুল কালাম ও তাঁর বড় ভাই।
ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, স্থানীয় বাজারে মাংস বিক্রেতা আবুল কালাম ও শামসুন্নাহারের ঘরে আঁখি (৮) ও আলো (৪) নামের দুটি শিশুকন্যা রয়েছে। তার পরও আবুল কালাম ১০ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া-বিবাদ হতো।
কয়েকজন প্রতিবেশী বলেন, গতকাল ভোররাতে আঁখির চিৎকারে আশপাশের লোকজন ওই বাসায় ছুটে যান। তখন শিশুটি জানায়, রোববার গভীর রাতে তার বাবা-মায়ের ঝগড়া হয়। পরে মাকে মারধর করে গলায় দড়ি পেঁচিয়ে বাবা জানালার সঙ্গে ঝুলিয়ে রাখেন। এ কথা শুনে প্রতিবেশীরা আবুল কালামকে আটক করেন।
ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান বলেন, আবুল কালাম ও তাঁর বড় ভাই সানালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা লামাপাড়ার তাইজুদ্দিন পচার ছেলে।