মেয়ের সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলা এলাকায় আজ বুধবার সন্ধ্যায় মেয়ের সামনে সাইফুল ইসলাম ওরফে লিটন (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাইফুল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, সাইফুল পরিবার নিয়ে ফরিদপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাভার গ্রামে থাকতেন। আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি স্থানীয় বাজারের একটি কোচিং সেন্টার থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তাঁর মেয়ে বৈশাখীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর মোটর সাইকেলের গতিরোধ করে। এরপর মেয়ের সামনেই দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তখন মেয়ে বৈশাখী চিৎকার-চেঁচামেচি শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা খায়রুল কবির সাংবাদিকদের বলেন, সাইফুলের শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড-তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকেও এখনও কোনো অভিযোগ করা হয়নি।
নিহতের চাচাতো ভাই সোহেল রানা বলেন, ঘটনার কারণ সম্পর্কে কিছু বলতে পারছি না। তবে এলাকার দ্বন্দ্ধ ও রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড হতে পারে।
ফরিদপুর উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম নিহতের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তবে তিনি এ ঘটনার কারণ ও জড়িতদের সম্পর্কে কিছু জানেন না বলে জানান।