মেয়েশিশুকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে এক মেয়ে শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর মা অঞ্জনা মণি দাসকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে এ ঘটনা ঘটে।
অঞ্জনা মণি দাস (৩০) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামের গৌরাঙ্গ মণি দাসের স্ত্রী। গৌরাঙ্গ সাভারে থেকে কামার হিসেবে কাজ করেন। অঞ্জনার মা মরুনি মণি দাস বলেন, তাঁর মেয়ের (অঞ্জনা) ১২, ৯ ও ২ বছর বয়সী তিন মেয়ে আছে। ছয় দিন আগে তাঁর আরেকটি মেয়ে হয়। এর কয়েক দিন আগে অঞ্জনা তাঁর (মরুনি) ব্যাংক কলোনির বাসায় চলে আসেন। নবজাতককে নিয়ে তিনি তাঁর বাসাতেই ছিলেন। মরুনি আরও বলেন, গতকাল সকাল আটটার দিকে অঞ্জনা ও তাঁর নবজাতক মেয়েকে রেখে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি (মরুনি)। এর কয়েক ঘণ্টা পর সকাল ১০টার দিকে তিনি জানতে পারেন তাঁর নাতনি (অঞ্জনার মেয়ে) মারা গেছে।
অঞ্জনা মণি বলেন, জন্মের দুই দিন পর থেকেই তাঁর মেয়ে পেটের পীড়ায় ভুগছিল। গতকাল সকাল নয়টার দিকে মেয়ে পাতলা পায়খানা করে। তিনি মেয়েকে উল্টো করে ধরে পরিষ্কার করছিলেন। এ সময় মেয়ের শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গলার দুই পাশে কালো দাগ হয়ে যায়।
অঞ্জনার ভাই নিকুঞ্জ মণি দাস বলেন, একটা ছেলে সন্তানের আশায় তাঁর বোন ও ভগ্নিপতি বারবার সন্তান নিচ্ছিলেন। কিন্তু প্রতিবারই তাঁদের কন্যাসন্তান হচ্ছিল। এ কারণে তাঁর ভগ্নিপতি তাঁর বোনকে প্রায়ই মারপিট করতেন। তিনি বলেন, ‘আমার ভাগনির গলার দুই পাশে যে আঘাতের চিহ্ন রয়েছে তা স্বাভাবিক চিহ্ন নয়।’
গৌরাঙ্গ মণি দাস বলেন, ‘আমার মেয়ে কীভাবে মারা গেছে তা আমি জানি না। তাকে হত্যা করা হয়েছে কি না, তা-ও আমি বলতে পারব না।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, অঞ্জনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।