মৈত্রী এক্সপ্রেস থেকে অবৈধ পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানবিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে। 
বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, অভিবাসন (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগ, স্টেশনমাস্টার ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় দর্শনা স্টেশনে এই অভিযান চালায়। আটক পণ্যের মধ্যে রয়েছে ৪০০টি ভারতীয় শাড়ি ও কোরিয়ান ৮০০ প্যাকেট ইজি সিগারেট।
নাম প্রকাশে অনিচ্ছুক টাস্কফোর্স-সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, ঈদ সামনে রেখে লাগেজ পার্টি ও চোরাকারবারিরা মৈত্রী ট্রেনকে নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছিল। শনিবার অন্তত কোটি টাকার অবৈধ পণ্য নিয়ে আসার খবরে টাস্কফোর্সের অভিযান চালানো হয়। কিন্তু অভিযানের খবর জানাজানি হয়ে যাওয়ায় বহনকারীরা সীমান্তের ওপারে বেশির ভাগ মালামাল রেখে আসে।
চুয়াডাঙ্গার ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, চোরাচালান দমনের অংশ হিসেবে টাস্কফোর্স অভিযান চালিয়েছে। এখন থেকে নিয়মিত এই অভিযান চলবে।