মোংলায় ভিজিডির চাল বিতরণে অনিয়ম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান হালিম হাওলাদারের বিরুদ্ধে ভিজিডির (দুস্থ ব্যক্তিদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি) চাল আত্মসাৎ ও ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চিলা ইউপির ভিজিডি কার্ডধারীদের সূত্রে জানা গেছে, ইউপির ৫ নম্বর ওয়ার্ডের চিলা গ্রামের অনাদি পান্ডে, আকলিমা, কবিতা, পারভীন, রাজিয়া ও মনিরা ভিজিডি কার্ডধারী। কিন্তু চার মাস ধরে তাঁদের ভিজিডির চাল দেওয়া হচ্ছে না। প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হালিম হাওলাদার নিজে ওই চাল তুলে তাঁর প্রতিষ্ঠান চিলা বাজার হেফজখানায় দিচ্ছিলেন। এ ঘটনায় তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন।

জানতে চাইলে, হালিম হাওলাদার বলেন, এই ছয় দুস্থ ব্যক্তির অনুমতি নিয়েই তাঁদের চাল হেফজখানায় নেওয়া হচ্ছিল। তাঁদের সন্তানেরা হেফজখানায় পড়াশোনা করে। তাদের খরচ বাবদ এই চাল নেওয়া হচ্ছিল। তিনি এই হেফজখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি।

এদিকে চিলা ইউপিতে গত রোববার সকালে ভিজিডি কার্ডধারী ৫৮৬ জনকে ৩০ কেজি করে চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কার্ডধারী ব্যক্তিদের প্রতি বস্তায় ৪ থেকে ৫ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কার্ডধারী বলেন, চার মাস ধরে তাঁরা বস্তাসহ সঠিক ওজনেই চাল পেয়ে আসছিলেন। কিন্তু এবার ঈদ সামনে রেখে প্রতি বস্তায় ৪ থেকে ৫ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে।

চিলা ইউপির চেয়ারম্যান আকবর গাজী বলেন, ‘আমি চাল ওঠানো ও বিতরণের দায়িত্ব ইউপি সচিব ও চৌকিদারদের দিয়ে খুলনায় এসেছিলাম। আমি বস্তা খুলে রাখতে ও ওজনে কম দিতে বলিনি।’

ইউপি সচিব সুশীল চন্দ্র দাস বলেন, ‘গত রোববার চাল বিতরণ করতে এসে দেখি ৩০ কেজির বস্তায় চাল কয়েক কেজি করে কম আছে। এ ঘটনা জানতে পেরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের ঘটনাস্থলে এসে চাল বিতরণ বন্ধ রাখতে বলেন।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, ‘আমি মেপে দেখি ৩০ কেজি বস্তায় ৪ থেকে ৫ কেজি করে চাল কম। এ কারণে আমি চাল বিতরণ বন্ধ করে দিই। পরে বাজার থেকে ৬০০ কেজি চাল কিনে এনে দুস্থ ব্যক্তিদের দেওয়া হয়। তা ছাড়া চার মাস ধরে ছয়জনকে ভিজিডির চাল প্যানেল চেয়ারম্যান দিচ্ছেন না বলে যে অভিযোগ উঠেছে, তারও সত্যতা আমরা পেয়েছি।’

ইউএনও রবিউল ইসলাম বলেন, ভিজিডির চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।