মোটরসাইকেল কিনে না দেওয়ায় ঘরে আগুন
মায়ের কাছে পালসার মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করেছিল আদরের সন্তান মো. জলিল হাওলাদার। কিন্তু সেই মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে ঘরে আগুন লাগিয়ে দেয় জলিল। পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। এ ঘটনায় জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার বেলা দেড়টার দিকে বরিশাল বিমানবন্দর থানার তিলক গ্রামে এ ঘটনা ঘটে। জলিল ওই গ্রামের মৃত পুলিশ কনস্টেবল মালেক হাওলাদারের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল এবং স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, জলিলের বাবা মালেক হাওলাদার পুলিশের কনস্টেবল ছিলেন। তিন-চার বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তাঁর স্ত্রী তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে কাশিপুর এলাকায় বসবাস করছেন। কিছুদিন ধরে মায়ের কাছে একটি পালসার মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে জলিল। কিন্তু তার মা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে গতকাল বেলা দেড়টার দিকে জলিল তাদের টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও আশপাশে কোনো পুকুর কিংবা পানির উৎস না থাকায় পুরো ঘর এবং ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জলিলকে আটক করে। এ ঘটনায় প্রচলিত আইনে জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মোল্লা জানান, জলিল বখাটে হিসেবে এলাকায় পরিচিত। মোটরসাইকেল কিনে না দেওয়ায় এর আগে সে তার মাকে একাধিকবার মারধর করেছে। এ ব্যাপারে একাধিকবার জলিলকে শাসানো হয়েছে। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। শেষ পর্যন্ত মোটরসাইকেল কিনে না দেওয়ায় আগুন দিয়ে নিজেদের ঘরই পুড়িয়ে দিয়েছে সে।