মোটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি বাজার থেকে পুলিশের এক কর্মকর্তার মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তিন চোরকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ওই পুলিশ কর্মকর্তারটিসহ তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
আটক হওয়া তিনজন হলেন বগুড়ার গাবতলী উপজেলার হাতীবান্দা উত্তরপাড়া গ্রামের সাঞ্জু সাখিদার (২৪), শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের ফরহাদ হোসেন (২৬) ও সদরের সাবগ্রাম এলাকার রিপন হোসেন (২৫)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক হওয়া তিনজন জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁরা পেশাদার মোটরসাইকেল চোর। তাঁদের বিরুদ্ধে কালাই, বগুড়াসহ কয়েকটি থানায় মোটরসাইকেল চুরির মামলা আছে। ওই মোটরসাইকেল দুটিও ওইদিনই নওগাঁ ও জয়পুরহাটের ক্ষেতলাল থেকে তাঁরা চুরি করেছে।