মোটরসাইকেল চুরি মাসে পাঁচ-ছয়টি, উদ্ধার নেই
চুয়াডাঙ্গা জেলায় প্রতি মাসে গড়ে পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেল চুরি হচ্ছে। এরপরও আইনশৃঙ্খলা বাহিনী তা উদ্ধার ও চোরদের ধরতে পারছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। এতে মোটরসাইকেল চুরি বেড়েই চলেছে।
ভুক্তভোগী ব্যক্তিরা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা পরিষদ চত্বরসহ অফিস-আদালত চত্বর, হাসপাতাল এলাকা, বাসাবাড়ির ভেতরে, এমনকি হাটবাজারের মতো জনাকীর্ণ এলাকায় তালা লাগিয়েও মোটরসাইকেল চুরি ঠেকানো যাচ্ছে না। এ নিয়ে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেও লাভ হচ্ছে না।
কয়েকজন লোক বলেন, সম্প্রতি প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধিসহ অন্তত পাঁচজন সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। এর একটিও উদ্ধার হয়নি। ক্ষতিগ্রস্ত অন্য সাংবাদিকেরা হলেন দৈনিক ইনকিলাব-এর চুয়াডাঙ্গা সংবাদদাতা কামাল উদ্দীন জোয়ারদার, দৈনিক সংগ্রাম-এর মফিজ উদ্দীন জোয়ারদার, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবীর ও দৈনিক আমার দেশ-এর জীবননগর প্রতিনিধি ফয়সাল মাহতাব মানিক। জেলা আইনজীবী সমিতির সদস্য মাসুদ পারভেজ, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য রকিবুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির আয়নাল হক ও চুয়াডাঙ্গা পৌরসভার পানি বিভাগের তত্ত্বাবধায়ক শাহীদ-উর-রশীদের দুটি করে মোটরসাইকেল চুরি হয়েছে।
চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদের ভাড়া বাসার ভেতর থেকে গত ৫ ডিসেম্বর প্রথম আলোর এ প্রতিনিধির মোটরসাইকেল চুরি হয়। ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে আরও একটি মোটরসাইকেল চুরি হয়। ১৩ ডিসেম্বর সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আহমেদ হুসাইনের, ২০ ডিসেম্বর যুগীরহুদা গ্রামের মকলেছুর রহমানের, ২৭ ডিসেম্বর জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামের নাহিদ পারভেজের, ৩০ ডিসেম্বর সদর উপজেলার জলিবিলা এলাকার মনোয়ার হোসেনের ও ৩ জানুয়ারি থানা কাউন্সিল পাড়ার বাসা থেকে রায়হান জোয়ারদারের মোটরসাইকেল চুরি হয়েছে। এর আগে গত বছরের আগস্টে এক মাসে সর্বোচ্চ নয়টি মোটরসাইকেল চুরি হয়েছে।
অনেকের অভিযোগ, পুলিশ মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের চিনলেও ধরছে না।
তবে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘চুরির পর চোরেরা মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে আলাদা করে ফেলায় তা উদ্ধার করা যাচ্ছে না। আমরা কষ্ট করে চোর ধরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাচ্ছি। প্রভাবশালীরা জামিনদার হয়ে তাঁদের কারাগার থেকে ছাড়িয়ে নিচ্ছে।’