মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার ১১
রাঙামাটি শহরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল হাসান (২৪), আবুল ফজল (৩৮), মো. আলাউদ্দিন (৩৬), এরশাদ (২৩), তারেক শাওন (২৭), আবদুল মাবুদ (২৯), অংচিং মং মারমা (২৫), সুমন চাকমা (২৪), নিপন ত্রিপুরা (২৬), মো. মনসুর (২৮) ও শেখ মোহাম্মদ হুমায়ুন কবির (২৯)।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, পুলিশ ২৪ ঘণ্টার বেশি সময় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে পুলিশ তিনটি মামলা করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছয়টি মোটরসাইকেল ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহীদুল ইসলাম বলেন, এই চক্রটি বেশ শক্তিশালী। মোটরসাইকেলের নম্বর পরিবর্তন, ডিজিটাল প্লেট স্থাপন, বিক্রির দলিল তৈরি, রং পরিবর্তন করার স্প্রে মেশিনসহ চুরির কাজে ব্যবহারে যা কিছু প্রয়োজন, সবকিছু আছে চক্রটির হাতে। পুলিশ এসব যন্ত্রপাতি উদ্ধার করেছে। চোর চক্রটি চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত।