মোটরসাইকেল চোর চক্র শনাক্তের দাবি পুলিশের
যশোরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮৫ জনকে শনাক্ত করেছে পুলিশ। এর মধ্যে ১২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ৩৫ জনকে বিভিন্ন সময়ে আটক করা হয়েছিল। তাঁদের তথ্যের ভিত্তিতে যশোর, মাগুরা ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ২৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ ব্রিফিংয়ে জেলার পুলিশ সুপার আনিসুর রহমান এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, যশোর শহরের চিত্রা মোড়, খড়কি এলাকার শাহ আবদুল করিম সড়ক, স্টেডিয়ামপাড়া ও কেন্দ্রীয় কারাগারসংলগ্ন এলাকা, সদর উপজেলার তপসীডাঙ্গা, শার্শা উপজেলার বাগআঁচড়া, বেড়ি নারায়ণপুর মধ্যপাড়া, সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া ভবানীপুর ও ধলবাড়িয়া থেকে ১৫ দিনে (৫-২০ আগস্ট) চুরি হওয়া ২৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, আন্তজেলা চোর সিন্ডিকেট শনাক্ত করা হয়েছে। এই সিন্ডিকেটের ৮৫ জনের মধ্যে বর্তমানে ১২ জন আটক আছে। বিভিন্ন সময়ে ৩৫ জন আটক হয়েছিল। এ ছাড়া দুজন নিহত হয়েছে। সিন্ডিকেটের তৎপরতায় মোটরসাইকেল চুরি বেড়ে গিয়েছিল। এটিপ্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।