মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করলেন কাউন্সিলর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় দাঁড়িয়ে এক মোটরসাইকেল চালককে এগিয়ে দেওয়ার অনুরোধ করেন কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ওরফে শামীম (৩৮)। একপর্যায়ে ফাঁকা এলাকায় পৌঁছে রড দিয়ে চালককে আঘাত করে মোটর সাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করেন তিনি।

মোটরসাইকেলটি নিয়ে পালানোর সময় মালিকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই ছিনতাই চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় জনতার গণপিটুনিতে আহত হন আশরাফুল। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বিন্নাটি এলাকায় এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলটির মালিক সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মিজানুর রহমান। তিনি উপজেলার নান্দলা এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। পুলিশ ও মিজানুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক দিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে কাতিয়ারচর এলাকার নতুন জেলখানা মোড়ে পৌঁছালে আশরাফুল তাঁকে বিন্নাটি মোড় পর্যন্ত এগিয়ে দিতে বলেন। মিজানুর তাঁকে মোটরসাইকেলে তুলে নেন। কিছু দূর যাওয়ার পর ফাঁকা রাস্তায় পৌঁছালে আশরাফুল অস্ত্রের ভয় দেখিয়ে মিজানুরকে মোটরসাইকেল থামাতে বলেন। না থামিয়ে মোটরসাইকেলটি চালিয়ে যেতে থাকলে পেছন থেকে আশরাফুল তাঁকে রড দিয়ে আঘাত করেন। একপর্যায়ে মিজানুরকে জোর করে মোটরসাইকেল থেকে নামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আশরাফুল। এ সময় মিজানুর চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশরাফুলকে আটক করে বেদম পিটুনি দেন। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশরাফুলকে আটক করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

আজ বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় মিজানুর রহমান কাউন্সিলর আশরাফুলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আশরাফ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।